আমার পাশে তুমি, থমথমে চারপাশ,নিঝুম রাত্রি,
তুমি বর্তমান নও, আমার অতীত দিনের স্মৃতি।
বসে তুমি শিয়রের পাশে, চোখটি মুখ পানে-
অধীর হয়ে কাঁদছে স্মৃতি, ছাই চাঁপা আগুনে।
ভেজা তোমার প্রতিটি নিশ্বাস, ভেজা দুটি চোখ,
রুক্ষ চুল, কাঁপা হাত, দুরু দুরু বুক।
কেন তুমি এলে আবার? এত দিন পরে?
মুক্তি দিয়েছিলাম যারে- বিরহের হাত টি ধরে।
ভুলে গিয়েছিলাম সকল চাওয়া, সকল আশার জ্বালা-
মুছে ফেলেছি জীবন থেকে, সকল স্মৃতির ধুলা।
কতদিন আমি সন্ধ্যা-সাঁঝে ঘুরেছি কষ্টের ভেলায়,
থেকেছি একেলা... সঙ্গীহারা, কেঁদেছি নিরালায়।
সারাটি রাত্রি কেটেছে আমার, তাঁরাটির সাথে কথা কয়ে।
তোমার অভাব, তোমার কথা, বলেছি তারে রয়ে রয়ে।
ছায়ার মত মিশে ছিলাম, শুধু তোমার পরে,
সেই দিন গুলি হারিয়ে গেছে- মান অভিমানের ঝড়ে।
ঘুমিয়েছিলাম, কেন আবার তুমি এলে স্বপন মাঝে,
বন্ধ মনের বন্ধ ঘরে আবার স্মৃতির বীণাটি বাজে।
হাতটি বাড়িয়ে রেখেছ তুমি, আমার পানে চেয়ে,
স্মৃতির পরশ খেলে গেল গায়ে, সকল ধমনী বেয়ে।
আদর ভরা কণ্ঠে ডাকলে তুমি, বললে- হাতটি ধর!!
চোখের তাঁরায় ভালোবাসা, আর অঙ্গে কাঁপন থরথর।
স্পর্শে তোমার ভুলে গেলাম সব, নেই কোন লাজ,
হাসছে স্মৃতি, ভাবছে সে মুক্তি পেল আজ।
হারিয়ে গেলাম আবার আমি- সেই তোমার মাঝে।
অতীতকে আবার দিলেম ছুটি এই বর্তমানের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

