
রুদ্র...খুব বদলে গেছিস জানিস? খুব!!
প্রবাসী বহু বছর পরে ফিরলে যেমন
চিনতে পারে না তার ছেড়ে আসা শহরতলী,
স্মৃতিতে আঁকা অলিগলি,
বদলটা ঠিক তেমন নয়।
শহরেই থাকা কেউ যখন বুঝতেই পারে না
চোখের সামনেই বদলে যাচ্ছে তার প্রিয় শহর,
চেনা গলি একদিন হঠাত অচেনা,
হারিয়ে যায় কাঠগোলাপের সুবাস, শিউলী ঝরা ভোর,
ফুটবল নিয়ে দৌড়ে বেড়ানো মাঠে আচমকাই মস্ত সাদা দালান,
সেরকমটা বদলে গেছিস।
একসময় দেখা হলেই চায়ের কাপে কথার ঝড়,
ঝড় শেষে চুপচাপ মুখোমুখি বসে থাকা।
ওম ওম চুপকথারা ঠিক পৌঁছে যেত তোর কাছে।
আজকাল তুই এমন ব্যস্ত...
চিলেকোঠায় কত্তো গল্প জমে আছে জানিস?
চায়ের কাপে ঝড় নেই, কথারাও গন্তব্যহীন।
নীরবতার কঠিন দেয়াল,
সেই বিকেল মাখা নিঃস্তব্ধতায়
মনেরা আর আগের মতো পাশাপাশি হাত ধরে কই?
আমরা বন্ধুই ছিলাম, কখনো তার বেশীতো নয়।
কখনো তার বেশী কেউ চাইনিও তো...
প্রেমিক হলে বরং কষ্ট পেরিয়ে যেতাম সহজেই,
কিন্তু তুই যে আমার বন্ধু ছিলি...
আমার কালবোশেখীর ঝড়,
কনফেশন বক্স, মস্ত উঁচু গির্জার ছাদ,
ওড়ার আকাশ অভ্রনীলে, কাটাঘুড়ির বাউলা বাতাস,
আমার চিলেকোঠার একান্ত সব গল্পগুলো,
শোবার ঘরের একলা আপন বারান্দার রোদ।
রুদ্র আজকাল তুই বড্ড ব্যস্ত...
অনুযোগ করছি না।
শুধু বাতাসকে জিজ্ঞেস করে জেনে নিস কতোদিন ঝড় হয় না সে,
ঘড়ির কাঁটা শেষ কবে থেমেছিলো বৃষ্টিদিনের
ঝালমুড়ি আর খুনসুটিতে।
কেবল আমিই জানি আর
এই দূরত্ব জানে কতোখানি কাছাকাছি ছিলাম আমরা।
© শিখা (২৬শে জুলাই, ২০১৮)
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



