যাচ্ছি যাব বলতে বলতে যেদিন সত্যি সত্যিই চলে গেলে আমাকে ছেড়ে
ছাড়িয়ে নিলে শেষ দাবিটুকুও সম্পর্কের
সেদিন আমি বুঝিনি, বুঝিনি ভুলেও কসম
ধমনীতে ততদিনে প্রেমের নিবিড় প্রবাহ কতটা বইয়ে গেছে !
কিংবা আমার কতটা জুড়ে বইয়ে দিয়েছো প্রবাহ তোমার
বিস্তৃত শেকড় কতটুকু ভেতরে আমার বুঝতে পারিনি সেদিন এক রত্তিও !
তাই তুমি যখন চলে যেতে চাইলে আমাকে ছেড়ে
আমি আর ফিরাইনি খুব
ভেবেছিলাম এ যাওয়াটাও বরাবরের মত কাছে আসার অভিপ্রায়ে !
সেদিন বুঝিনি, আজ বুঝি সেই চলে যাওয়াটা ক্ষোভের বিস্ফোরণ কতটুকু !
আজো হিসেব মিলেনি তোমাকে ছেড়ে কতটুকু ভালো আছি
কিংবা কিইবা চেয়েছিলে সেদিন-
তুমিতো ভালো করেই জানতে
চিরকালই আমি স্বপ্ন আর বাস্তবতাকে গুলিয়ে এসেছি
বুঝিয়ে না দিলে বুঝবো কী করে বলো
আমার কতটা জুড়ে বিস্তৃত করেছো তোমার শেকড় !
কিংবা কী সব অনুযোগ পুষে রেখেছো আমার প্রতি ।
এক এক করে তিন তিনটি বছর কেটে গেলো চলে গেলে
আমাকে ছেড়ে, পূর্ণ হলো আমাদের সেপারেশনের !
সেদিন শুনেছি, বাসায় নাকি বিয়ের কথাবার্তা চলছে তোমার
আচ্ছা বলোতো, যে উদ্যত প্রেমিককে সর্বস্ব উজার করে
ভালোবেসেছিলে, রক্ত-মাংসে যার দাহে জ্বলেছো অহর্নিশি
সবিনয়ে তাঁকে ফিরিয়ে, কিংবা তাঁকে দূরে রেখে
তুমিও কী ভালো আছো কিংবা থাকবে খুব একটা ?
সকাল-বিকেলের জার্নি, ভার্সিটি- ক্লাশ ইত্যাদি ব্যস্ততায়
কতটুকু আর ভুলে থাকা যায়, আমিতো পারিনি, সত্যিই কী পেরেছো !
জানি বলবে, একটু একটু করে মানিয়ে নিচ্ছি বেশ
তবে জেনো, তোমার কতটুকু ঘিরে আমি আর আমার কতটুকু
জুড়েইবা তুমি, চাইলেই তা কীভাবে অস্বীকার করবে তুমি ? আমিতো পারিনা !
তুমি কী জানো, আজকাল আমার কেবলই মনে পড়ে, মনে পড়ে
সেইসব দিনগুলো তোমার আমার
মনে পড়ে সেইসব স্বপ্নের আদ্যোপান্ত আমাদের !
যখন তুমি আমি দুজন মিলে ছোট্ট একটা ঘরের স্বপ্ন দেখতাম,
স্বপ্ন দেখতাম আমাদের ভালোবাসার ।
মনে পড়ে কেবলই, মনে পড়ে স্মৃতিগুলো ভালবাসাময় সেই !
খুব ব্যাকুলতা কাজ করে ভেতরে ভেতরে তখন, করে ভীষণ
অথচ চাইলেই আজ
এই দু’ঘণ্টার এই দূরত্বটুকু পেরিয়ে তিন বছরের ব্যবধান ঘোচাতে পারবোনা ।
জানি, পারবেনা আর কখনোই ।
একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস চেপে
এক এক করে তিন-তিনটি বছর কেটে গেছে যেভাবে,
জানি, বাকী জীবনটুকুও অত্যন্ত নিঃশব্দে সেভাবেই তুমিহীন কেটে যাবে আমার !
ছবিঃ জেমস জয় (ফেইসবুক)
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



