![]()
কখনো এসো না চুপিচুপি
এসো দস্যি হাওয়ায় মাতাতে আমায়
বুনো বৃষ্টি নিয়ে অবাধ্য সাগর হয়ে
নীরবতার ঠোঁট ছুঁয়ে লুকোনো শব্দে এসো তুমি !
ভুল পথে আর নয় , এসো দক্ষিণের ঝড় হয়ে
মেঘের চেয়ে হও বিদ্যুৎ ,
তুমি আর এসো না আঁধারে
এসো সূর্যে ; চাতক আমি পুড়ে যাবো তোমাতে
অনেকবার মেলেনি হিসেব
আর মিলিয়ো না তা
সব হিসেবের নিকুচি করে
এসো বেহিসেবে ভেসে ।
সব হারানো পথিক ভয় কি তোমার ?
হারাতে এসো যুদ্ধজয়ী বীর
আমি একবার হেরে যাবার জন্য
মন পেতেছি মনের পথে ।
এসো জয় করো সব
অদৃষ্টের কাছ থেকে কেড়ে নিও আমায়
লিখে নিও তোমার হাতের রেখায় ।
তুমি এখনো জানো না ,
বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


