মনে পড়ে ছোটবেলায় বাবা প্রতি মাসেই নতুন খেলনা (সাধারনত গাড়ি) কিনে দিতো। যার কারিগরি জানতে কয়েকদিন পরেই ব্যবচ্ছেদ জুটতো নতুন খেলনার কপালে। তাই বলে খেলনার কমতি হতনা, এখনো হয়না। বড় হয়ে গিয়েছি তাই ব্যবচ্ছেদ করা হয়না আর যা বাড়িয়েছে আমার সংগ্রহশালা।
কর্মজীবনের প্রথম বোনাস পেয়ে একটা আরসি কপ্টার কিনেছিলাম। তাছাড়া হাতে টাকা এলেই বা চোখে পড়লেই খেলনা কেনা হবে এটা এখন ধ্রুব সত্য। আমার পরিবার-পরিজনেরাও কম নয়। গেলো বছর ২৫তম জন্মদিনে বাবার কাছে আবদার করলাম খেলনার। বাবা একটা লাল টুকটুকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিলেন। জুলাই,১২ থেকে মার্চ,১৩ এই নয় মাসের প্রবাসী জীবনে এই গাড়িটা আমার অবসরের বন্ধু ছিলো। প্রিয়তমার কাছ থেকে পাওয়া অন্যতম গিফট হল কয়েকটা গাড়ির মিনিয়েচার যেগুলো সর্বদাই সাথে থাকে আমার। আমিও কম নই, তাকে দেওয়া আমার প্রথম কিছু ছিল একটা মডেল বুলডোজার। ধন্য বুলডোজার তুমি।
নয় মাস বাইরে থেকে থলিতে একটা ডিগ্রির সাথে অনেকগুলো খেলনাও যুক্ত হয়েছে। কি নেই সেখানে? স্থল-জল-আকাশ, সকল প্রকার যানের এক বিশাল সমাহার এখন আমাদের বসার ঘরের শোকেসে। তার কিছু ঝলক নিচের ছবিতে।
![]()
শুধু শখ বলেই নয়, আরো কিছু কারন আছে খেলনা কেনার-
১.জুনিয়র সায়মনের খেলনার পর্যাপ্ত যোগান নিশ্চিতকরণ (মূল্যবৃদ্ধির সতর্কতাস্বরূপ পূর্ব প্রস্তুতি)
২.ঘর ভর্তি খেলনা (যে ঘরে অন্য যে কারো প্রবেশ নিষিদ্ধ) নিয়ে আমি ও জুনিয়র সায়মন ধুমসে খেলছি এই ইচ্ছার বাস্তবায়নের রসদ যোগান।
৩. টিভি প্রোগামে দেখেছি অনেক অনেক বছর পর পুরোনো দিনের খেলনার এন্টিক মূল্য বেশ ভালো হয়। সেই হিসাবে ৫০,৬০ বা তারও পরবর্তী সায়মন বংশধরদের জন্য কিছু করে যাওয়া আর কি।
এই ৩ নং এর ব্যাপারে জানিনা, তবে ১ ও ২ নং আমাকে পূরন করতেই হবে। আশাকরি বিধাতা আমায় নিরাশ করবেননা এই চাওয়া থেকে।
ঝকমকে মল থেকে ট্রাফিক জ্যামের ফেরিওয়ালা, কেউ বাদ পড়েনাই আমার খেলনা কেনার মিশন হতে। কিনবনা কেনো, কিনবইতো.....অনেক অনেক খেলনা চাই আমার, অনেক। দুনিয়ায় যেখানেই যাই, খেলনা কেনা চাই।
সামুতে খেলনা পাগল আর কেউ কি আছেন?
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



