১৬ তারিখ ঈদ-উল-আযহা। প্রবাসে এটি আমার ৩য় ঈদ। ২০১২ সালের ঈদ-উল-ফিতরে দুই বাংলাদেশী মিলে যতটা পেরেছিলাম ঈদের আমেজ এনেছিলাম। আর ঈদ-উল-আযহার দিনে শুরু হয়েছিল আমাদের ১১ দিনের ট্যুর। তাই নামায পড়া হয়নাই, আমেজতো পরের কথা। খুব কষ্ট পেয়েছিলাম ঔদিন।
এ বছর ঈদ-উল-ফিতরের পরপরই প্রবাসী হই। দেখতে দেখতে ঈদ-উল-আযহা চলে এল। এবার আমরা চারজন বাংলাদেশী। তিনজনই আমার সিনিয়র। দুজন আপু আর একজন ভাইয়া। তাই এবার ঈদে একটু বেশীই প্রস্তুতি। পরিবার-প্রিয়জনতকে ছেড়ে দূরে থাকা এই আমাদের কষ্ট কমবেনা জানি কিন্তু ঈদের আমেজটা একেবারে শূন্য হবেনা আশা করছি।
একাকী ঈদ বলে শপিং হবেনা তা কি হয়? তাই এক জোড়া স্যান্ডেল আর একটি পান্জাবীতেই শপিং শেষ করলাম। আর সিনিয়রদের বলে রেখেছি সেলামী দিতে হবে। আপুদের পোলাও, রোস্ট, গরু ভূনার ফরমায়েশ দিয়ে রেখেছি। আশা করছি হেব্বী খানা-দানা হবে। চারজনের ছোট পরিবারের সর্ব কনিষ্ঠ এই আমার সব দাবীই পূরণীয় এখানে।
ঈদ তিন দিনের এটা ভাবতেই কষ্ট হয়। এখানে ঈদের দিনটাই ছুটি শুধু। একদিক দিয়ে ভালোই কারন পরিবার-প্রিয়জন বিহীন তিন দিনের ঈদ আনন্দ নয়, কষ্ট দিবে। আর মাঝেমাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই। কিন্তু পারিনা।
পরম করুণাময়, তোমার দান এই খুশীর দিনে একাকী আমাকে কি কোনভাবে ফিরিয়ে দেয়া যায় পরিবার-প্রিয়জনের কাছে? শুধুই একটি দিনের জন্য? জানি, অবাস্তব কিছু চাইলে তুমি দাওনা তবুও আজ চাইলাম। এই হতভাগার প্রতি করবে একটু করুণা, কবুল হবে কি আমার প্রার্থনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




