আজ কিছু দিতে আসি নি, নিতে এসেছি ।
যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই;
একটুও ছাড় নেই, সবটুকু ফেরত চাই ।
সূর্যময়ী ভোরের প্রথম আলোয়
কচির পাতার মতন কোমল বউটির দেয়া
সমস্ত স্পর্শ মুছে ফেলে
এই সজীব শরীরকে কাঁদাজলে মেখে
শূন্য জমিকে ভরে দিয়েছি সোনার ফসলে;
অথচ আমার পেটে কেন দাউ দাউ ক্ষুধার আগুন ?
চোখভরা অশ্রু নিয়ে শূন্য হাড়ির দিকে চেয়ে আছে
আমার নয় বৎসরের অবুঝ কন্যাশিশুটি !
আজ সমস্ত জমি আমার ফেরত চাই ।
সব সোনার ফসল নিয়েই ঘরে ফিরব ।
রক্তকে উত্তপ্ত রৌদ্রে পানি করে গড়ে দিয়েছি
এই ছোট বড় সব অট্টালিকা;
অথচ আমি কেন বাস্তুহারা ?
ট্রাফিক জ্যামের রেড সিগনালে আটকে গেছে ভ্যানের চাকা
রক্তপোড়া ঘামের স্রোতে ভেসে ভেসে পিচ আর কংক্রিটের তলে
চাপা পড়ছে আমার আমার গর্ভবতী বউটির প্রতিটা আর্তনাদ
নিভে যাচ্ছে... হ্যাঁ হ্যাঁ— জ্বলে ওঠবার আগেই
নিভে যাচ্ছে একটা জীবনপ্রদীপ !
আজ সব— সব অট্টালিকা আমার ফেরত চাই ।
না না, আজ কোন ছাড় নেই— সবটুকু ফেরত চাই;
যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই ।
©️ সালমান মাহফুজ
বিঃ দ্রঃ পূর্ব-প্রকাশিত রচনা থেকে কাঁটাছেঁড়া হয়েছে
পূর্বপ্রকাশিত কবিতার লিংক
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



