
দিনে রাত্রে সারাক্ষণ কাজ
আমি হাঁটি
দেয়ালের কোণে জমে থাকা
পুরোনো দিনের ধুলা
আর রাস্তায় রাস্তায় মানুষের শব্দ
আমি থামি না।
রাতের শেষে যে নিঃশব্দ কান্না
বালিশের নিচে মুখ লুকায়ে থাকে,
সেই কান্নারেও আমি ভয় পাই না।
লোকজন কথা বলে
নানাভাবে ঠেস দিয়ে রসিয়ে রসিয়ে
কারো কারো ঠোঁটে বিষ মাখানো মায়া
তবু আমি নিজেরে ভুলে যাই না।
কেউ জিজ্ঞেস করে না
আমার শরীর কেমন আছে।
শত শত কাজ হাতে নিয়ে
আমি রাস্তা পার হই,
পেছনে রিকশার বেল, গাড়ির হর্ন
মাথার ভিতরে হাজার হিসাব
তবু আমি হাঁটি ঠিকই।
কখনো খুব ইচ্ছে করে
নদীর ধারে বসে থাকি সারাদিন,
কারো ডাক না শুনে,
কারো জন্য পানি না গরম করে,
কারো রাগ না সামলে
শান্তভাবে ধৈর্য ধরে।
কিন্তু দুপুর গড়ায়
আর আমি আবার ফিরে যাই
ব্যস্ততার শব্দের ভিতরে।
ঝড় আসুক,
বৃষ্টি নামুক অথবা আকাশজোড়া বিদ্যুৎ চমকাক,
আমি তখনও ব্যস্ত থাকি।
যেদিন খুব ক্লান্ত লাগে,
আমি চুপচাপ জানালায় হাত রাখি
আর ভাবি,
পৃথিবীতে এত গাছ কেমনে বাঁচে
এত ঝড়ের পরেও?
ছবিঃ আমার তোলা
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৬ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




