
তুমি বারবার ফিরে আসো, আবার বারবার চলে যাও, একদিন আমিও চলে যাব কিন্তু আমি আর ফিরে আসবো না।
আমি প্রতিবারই নিজেকে বুঝাই, এবার আর কিছু অনুভব করবো না। কিন্তু তোমার ফিরে আসার শব্দ শুনলেই বুকের ভিতর কোথাও যেন পুরোনো এক আলো জ্বলে ওঠে। আমি সবকিছু ভুলে গিয়েছি। কে কষ্ট দিয়েছিল, কোন বিকেলে অপমান নিয়ে ফিরেছিলাম, কোন রাতে একা একা কেঁদেছিলাম, সেসবও এখন আর স্পষ্ট মনে নেই। শুধু তোমার ভালোবাসাটা ভুলতে পারিনি।
আমার ভালোবাসার সাথে কি কি হয়েছে, সে শুধু আমি জানি। কতভাবে ভেঙেছে, কতভাবে অপমানিত হয়েছে, কত রাত নিজের ভেতর নিজেই ডুবে গেছি, তার হিসেব কেউ রাখেনি। বাইরে থেকে মানুষ আমাকে স্বাভাবিকই দেখেছে, শান্ত দেখেছে, হয়তো শক্তও ভেবেছে। কিন্তু ভিতরে ভিতরে আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি।
তুমি কখনো বুঝোনি, একটা মানুষ কতটা ক্লান্ত হলে এভাবে চুপ হয়ে যায়। তুমি শুধু দেখেছো আমি এখনো অপেক্ষা করি। কিন্তু অপেক্ষার নিচে জমে থাকা ধ্বংসস্তূপটা দেখোনি কখনো। দেখোনি কত শব্দ প্রতিরাতে আমার ভিতরে পুড়ে ছাই হয়ে যায়।
এখনো তুমি ফিরে এলে ঘরের বাতাস বদলে যায়। পুরোনো পর্দাগুলো কেঁপে ওঠে, চায়ের কাপের ধোঁয়ায় তোমার মুখ ভেসে ওঠে। আমি হাজারবার নিজেকে নিষেধ করি, তবু আবারও তোমাকে ভালোবেসে ফেলি। যেন এই ভালোবাসা কোনো অভ্যাস না, কোনো অসুখ।
তবু জেনো, একদিন আমিও চলে যাবো। খুব নীরবে। হয়তো এমন এক সকালে, যেদিন আকাশ পুরোপুরি আলোয় ভরবে না। তুমি হয়তো আবার ফিরে আসবে, পুরোনো অভ্যাসে আমার নাম ধরে ডাকবে, টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজে আমার হাতের লেখা খুঁজবে। কিন্তু আমি আর সাড়া দেবো না।
শুধু কোথাও কিছু অসমাপ্ত কবিতা পড়ে থাকবে, কিছু শুকিয়ে যাওয়া অনুভূতি, আর এক বুক নীরবতা। সেগুলো ছুঁয়ে তোমার হয়তো একদিন মনে হবে, কেউ একজন তোমাকে ভীষণ ভালোবেসেছিল।
বিঃদ্রঃ ১)প্রথম লাইন কোন উর্দু শায়েরী থেকে নেয়া,
২) ছবির ফুলগুলো নকল।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



