আজকে রাতে যদি আমি মরে যাই এই ব্লগের কী হবে?
কী করে জানাবো আমি ব্লগবাসীদের: যে "হে সহ-ব্লগারগণ, আমি আর দুনিয়াতে নেই। (ইন্নালিল্লাহি...রাজিউন!!) মৃত্যুর আগে আমি দুই কন্যা রেখে গিয়েছি। আপনাদের সাথে আমার কয়েকমাসের পরিচয় আমি আজীবন মনে রাখবো। সে কী করে হয়, আমি তো জীবন টা দুনিয়াতে রেখেই অন্য ভূবনে চলে গেলাম, সেখানে কি মনে রাখতে পারবো আদৌ? ...তবে যে কয়টা দিন আপনাদের সান্নিধ্যে ছিলাম, বেশ ভালো লেগেছে। ব্লগে আমার প্রথম লেখায় কমেন্টকারী শামায়েল থেকে শেষ কমেন্টকারী সেলিনা আপা সহ সবার মন্তব্য আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়েছিলাম। আমার খুব ভালো লাগতো যখন কেউ আমার লেখা পড়তো আর মন্তব্য করতো। আপনাদের কল্যাণে জানতে পারলাম আমিও লিখতে পারি এবং আমার লেখাও পাঠযোগ্য! যারা যারা আমাকে আমার লিখনশৈলীর কারণে চিনেছেন তাঁদের অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। না না, তা কি আমি বলতে পারি, আপনারা আমাকে মনে রাখবেন কী না সেটা তো একান্তই আপনাদের ব্যাপার...
মাননীয় সামু কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে কখনও ব্যান না-করার জন্য। যদিও ব্যান করলে কেমন একটা "হিরো হিরো" ভাব আসে, আমি সেই ভাব ইহজীবনে নিতে পারলাম না! আচ্ছা আমি তো মরে গেলাম, আপনারা আমার লেখাগুলো নিয়ে কী করবেন? ডিলিট করে দিবেন? রেখে দিবেন? লেখার তো আর উত্তরসুরী নেই যে সম্পত্তির মতো কেউ এটার মালিক হবে।
এই ব্লগের মানুষরা তো জানবেই না আমি আসলে কেমন মানুষ ছিলাম, নাকি অমানুষ ছিলাম। আমার কোনও মিলনমেলায় যাওয়া হলোনা। দেখা হলোনা আমার লেখার মাধ্যমে আলাপকারী সহ-ব্লগারদের।
বাচ্চাগুলো কে নিয়ে আরো অনেক অনেক লেখার ইচ্ছে ছিল, কিছু ড্রাফ্ট করে রেখেছিলাম, সেসব কি ক্লাসের নতুন ফ্যাকাল্টির মত আর কেউ এসে শেষ করে দিয়ে পাব্লিশ করবে?
আমি একটা গল্প লিখেছিলাম। লিখেছিলাম একটা গানও। সামুর ড্রাফটে সেসব সেইভ করে রেখেছিলাম, কী হবে এখন?
আমার অনুরোধ আপনারা সবাই আমার ছোটখাট দোষত্রুটি নিজগুণে ক্ষমা করে দিয়েন। অনেকের লেখায় মাইনাস দিয়েছি, আমার ব্যক্তিগত কোনও কারণে নয়। আমি লেখাটিকেই মাইনাস করেছি, মানুষটিকে নয়। কারণ এত বড়মাপের মানুষ রাই আপনাদের মত লেখক হতে পারে।
আমার স্মরণে কি একটা ভার্চুয়াল শোকসভা হবে? নতুন ফিচার সংযোগের জন্য সামুর পাতা তিনঘন্টা বন্ধ ছিল। সেরকম করে তিন মিনিট কি বন্ধ রাখা যায়না? যেইই পেইজে ঢুকতে যাবে দেখবে আমাদের সহ-ব্লগার শাফক্বাতের অকাল মৃত্যুতে আমরা শোকাবহ। সামহোয়্যারইন কর্তৃপক্ষ তাঁর স্মরণে তিন মিনিট সাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আসুন আমরা সবাই ওনার রুহের মাগফেরাত কামনা করি।"
অকাল মৃত্য...? তাইই বা কী করে হয়? বয়স তো কম হলোনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

