আমারে আন্ধার দিয়া তুমি যাইতাছো কই
আমি কি এতোই বোকা, ফেলনা খুদের খই?
বেবাকে চালাকি বোঝে, আমি বুঝমু না ক্যান
ধরছো ভরং তুমি, করছো বৈরাগী ধ্যান?
কার লাগি গঞ্জে যাও, তবকে খাও যে পান
তোমার চাই-ই যাওয়া, মানো না বৃষ্টি ও বান!
উশকো-খুশকো থাকো একলা দাওয়ায় বসে
চাষবাসে মন নাই এই দারুণ বরষে?
আমি কি ফুরায়া গেছি শুকনা নদীর মতো
যৌবন চরায় বালু, বুকের পাহাড় নত?
গতরে আছিলো ঢেউ, মারতা বৈঠার ঠেলা
ভরা জোয়ারের মাঝি সেই তুমি কই গেলা?
তোমারে ধরছে জানি গঞ্জের পেত্নী ও ভূত
আমিও ছলের নারী আছে ভূতের ওষুধ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



