দুটো কারণে আজ আমার জীবনের মহাখুশির দিন! প্রথমত, আজকে বছরের প্রথম ক্লাস থেকে শুরু করে বছরের শেষ ক্লাস পর্যন্ত যতবার ক্লাসটিচার রোলকলের সময় বলবেন, রোল নাম্বার ওয়ান ততবার আমি দাড়িয়ে বলব, ইয়েস স্যার! স্কুলজীবনে এই প্রথমবারের মত আমার রোল নং এক এবং সেটিও যেন তেন শাখায় নয়, আজ থেকে ক্লাস নাইনের সায়েন্সের সবচেয়ে মেধাবীদের শাখার ফার্স্টবয় হলাম আমি। তারপরও এই খুশীর দিনে আজ আমি স্কুলে যেতে পারিনি দ্বিতীয় কারণটির জন্য ... আর তা হল, আজ আমার বাবার বিয়ে! জী, আপনারা ঠিকই শুনেছেন আজ আমার বাবার বিয়ে। আপনারা দয়া করে আমার বাবাকে খারাপ ভাববেন না, বাবা কিন্তু এই বিয়েতে একদমই রাজী ছিল না। আমি, দাদা, দাদী, ফুপী অনেক কষ্টে বাবাকে রাজী করিয়েছি। অবেশেষে মা মারা যাবার দীর্ঘ পাঁচ মাস পর বাবা দ্বিতীয় বিয়েতে রাজী হয়েছে! রাজী হবার ঠিক দশ দিনের মাথায় তড়িঘড়ি করে আজ এই বিয়ের আয়োজন।
আপনাদের নিশ্চয় খুব জানতে ইচ্ছে করছে আমার মা কিভাবে মারা গেল! ঠিক আছে বলছি কিন্তু শর্ত একটাই, আমার বাবাকে নিয়ে কোন বাজে মন্তব্য করা যাবে না। আজ থেকে ঠিক পাঁচ মাস দশ দিন আগে আমার পুরো সুস্থসবল মা ঘুমের মধ্যেই হুট করে মারা যায়। আমি আসলেই জানিনা আমার মা ঠিক কিভাবে ঘুমের মধ্যে মারা গিয়েছিল, শুধু জানি শেষবারের মত মা ঘুমোতে যাবার আগে বাবা-মা'র মধ্যে সিনথিয়া আন্টি মানে আমার নতুন মাকে নিয়ে তুমুল ঝগড়া হয়েছিল!
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




