
আরো তিন দিন যদি সূর্যের মুখ দেখা না যায়
তাহলে দেখে নিও, এই শীতেই ঢাকার সব পথশিশুর উষ্ণতা দিয়ে
বানাব আরেকটি গণ ভবন
সেখানে উত্তর বঙ্গের মঙ্গার জন্য থাকবে সাদা ধবধপে বিছানা
দামী তুর্কী কম্বলের ভেতর থেকে মুখ বের করে হাসবে দরিদ্র
দুপুর হলে গরম পানির ঝর্ণায় গোসল সেরে নেবে বস্তির কষ্ট
তারপর বিকেলে শীতের পোশাক পরে ছাদে উঠবে সব
খেটে খাওয়া মুখ । তখন
পাশ দিয়ে বয়ে যাবে পদ্মা মেঘনা যমুনার জল
সে জলের উপর শুধু হালকা কুয়াশা থাকবে, সেখানে
থাকবে না কোন রক্তের দাগ কিংবা কোন পচা লাশের দূর্গন্ধ
রাত গভীর হলেও যেখান থেকে ভেসে আসবেনা কোন ধর্ষীতার আর্ত চিৎকার
আরো ঠিক তিন দিন যদি সূর্যের মুখ দেখা না যায়
তাহলে সত্যিই এবার সারা বাংলার হাড় কাঁপা কষ্টের সব উষ্ণতা দিয়ে
বানাব আরেকটি গণ ভবন এবং এই শীতেই ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


