
তুমি সতর্ক সংকেত ঘোষণা করো
আমি শুনতে পাই দশ ফুট জলের শব্দ;
উত্তাল স্রোতে তখন ভেসে যেতে থাকে আমার ঘর-বাড়ি,
বসত-ভিটা, গৃহ-সংসার, ভালোবাসা...
এক যুগ আগেও যেটা আমি পারিনি;
খোকনের মা মানে আমার পরিবারের কথা বলছি,
কিছুতেই সেদিন সে বাড়ি ছেড়ে যেতে চায়নি ।
আসলে ওর'ই বা দোষ দেব কি,
তিল তিল করে গড়া এই বাড়ির প্রতি ইঞ্চি মাটি
ওকে আঠার মতো টেনে ধরছিল
ওকে নিয়ে যেতে পারিনি সেদিন !
নিরুপায় আমি, শেষ পর্যন্ত একটা গাছকে চেঁপে ধরে
আমার'ই হাতের মুঠো থেকে একে একে জলের সাথে
মিশে যেতে দেখেছি আমার বউকে, আমার খোকন সোনাকে,
মুহূর্তে বিলীন হয়ে গেছে গোয়ালের গরু, ঘরের ছাগল, হাঁস, মুরগি...
এরপর থেকে আমার আর কোন আশ্রয় কেন্দ্রে যাওয়ার দরকার হয়নি,
কারণ নতুন করে আর হারাবার কিছু নেই আমার ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২০ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



