দেশটাকে ভালোবাসি বলে এখানে পড়ে আছি,
মনের গভীরে নদী –ভালবাসার শেকড়ে বাঁধা
সেই অন্তহীন ফল্গুধারা আমাকে আজও ছুঁয়ে যায়।
অদৃশ্য মমতার শিহরনে যৌবনের উর্বর জমিনে
ফোটে কামনার পারিজাত ফুল । আমার পঞ্চ ইন্দ্রিয়
জুড়ে ওঠে ভিসুভিয়াসের সর্বগ্রাসি মাতন।
পৃথিবীর সকল আদিম বাসনা এসে ভিড় করে;
চুপি চুপি শোনায় বসন্ত দিনের গান।আমি হারিয়ে
যাই অরফিয়াসের যাদুর বাঁশির সেই সর্বনাশা সুরে।
এ মাটিকে আমি ভালবাসি বলে –এখানে ফিরে
ফিরে আসি। চোখের জলের বর্ণহীন স্রোত
আমার কপোল সিক্ত করে বয়ে যায় নিরন্তর।
নিঃশব্দ বিবেক বোবা যন্ত্রণায় পিছু হাটে ।
এই বাংলাকে আমি ভালবাসি পাগলের মত;
জীবনানন্দের ধানসিঁড়ির মত এই কপোতাক্ষ ,
বেতনা ,ইছামতি জুড়ে –আমার শৈশব, কৈশোর
আর যৌবনের অগনিত স্মৃতি ডুকরে কাঁদে।
৬৫-র রাইটে রক্ত ঝরেছে ,৭১-র মুক্তিযুদ্ধে
দেশ ত্যাগী আমি ফিরেছি পৈত্রিক ভিটায়।
হারানো স্বজনের নামে দীপাবলির রাতে আজও
প্রদীপ জ্বালাই,তুলশী তলায় পবিত্র মাটিতে
আজও খুঁজি মা-মাটি-মানুষের গান।
আমি দিয়ে যেতে চাই সব যা কিছু পেয়েছি
আমার অমিমাংসিত যতো ভালবাসার গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



