কবিতায় যতটা তোমার কথা বলতে চেয়েছি
তারও বেশি বলেছিলাম সময়ের কথা
বলেছি সে সময়ের কথা যার নাম আজ
আমরা না চাইতেই রেখেদিলাম ফুরনো অতীত!
যা সত্যি আজ পুরনো এবং ফুরনো
অথচ অদ্ভুতঃ আমরা হয়ত দুজনেই হাতড়ে বেড়াই
সে সময়টা আজ যার আরেক নাম দিয়েছি স্মৃতি ।
আমরা তখন এক সাথে যে আকাশটা দেখতাম
যে চাঁদ আমাদের রুপালী জোস্নার আলোয় ভাসাতো
আমি সে চাঁদ সে আকাশের কথা বলেছি অধিক
আর এসব বলতে গিয়ে তুমি এসেছিলে ঘুরে ফিরে
তবু আমি বলব আমি সময়ের কথা বলতে চেয়েছি
এবং সময়ের কথা বলে যাই বারংবার।
তখন ঠিক বুঝতে শিখিনি ভালোবাসা কাকে বলে
এখনও এর মর্ম উদ্ধার হয়নি আমার
শুধু বুঝতাম একটু দেখা হওয়াটা জরুরী
তাই আমাদের সম্পর্কটা প্রেম কিনা
তার গানিতিক ফলাফল অবশ্যই শুন্য ।
আমি আমাদের জমে থাকা পুরনো চিঠির ভাঁজে
যতটা তোমার শরীরের ঘ্রান খুঁজেছি তারও বেশি
খুঁজে ফিরেছি পুরনো সময়টা যা অতীত আজ
চাইলেই যার নাম দেয়া যায় হারানো সুখের দিন ।
ক্লাস পালিয়ে সিনেমা দেখা সময়টা আমাকে কাঁদায়
প্রলেপ পড়ে যাওয়া দেয়াল রাস্তা ঘাট আমাকে কাঁদায়
তার বেশি কোন দিনও তুমি হয়ে উঠোনি এখনও।
আমি সে সময়টাকে আরো একবার ধরতে চেয়েছি
যখন হাত ধরায় পাপ ছিল না ভালোবাসা ছিল
যতটা তোমাকে ভেবেছি তার চেয়ে বেশি ভেবেছি
তোমার আমার রাত দিন আর সে সময় গুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

