
তোমাকে কিছু গল্প বলার জন্য বেঁচে থাকা
নইলে
কবে শেষ হয়ে যেতাম
মরু দেখেছ?
শুধু বালু জমা করেছে
এছাড়া কিচ্ছু নেই
একদম ফাঁকা ।
ধরা দাও নারী
ধরা দাও
ক্ষয় হতে চলেছি
পুড়ে যাচ্ছি
গায়ে গতরে ভীষণ জ্বর
ধরা দাও নারী
ধরা দাও
ডুবতে চলেছি
শেকলে বাঁধা
যেন
বাঁচতে চাওয়া কলম্বাসের মুখখানি।
আমার কাঁচের জানালা দিয়ে রোদ ঢুকে পড়ে
হাওয়া ও আসে
কম বেশী মিলে
ধুলো জমে
বৃষ্টি এসে বারেবারে মুছে
যতদুর চোখ যায়
যান্ত্রিকতা ধরা পড়ে
তুমি ধরা দাও না
কথা শোন না
এমন কি বলো না
কিসের এত জেদ
এ তোমার কিসের অসুখ
আমাকে পুড়িয়ে মারছ
নির্ঘুম লাল চোখ।
গরম ফুরিয়ে বর্ষা শরত বসন্ত আসে
সব শেষে হাড় কাঁপুনি শীত
ধরা দাও নারী
ধরা দাও
আমিও বেঁধে ফেলি
নিঃসংগতার ভেতর হাজার প্রেম গীত।
জলজ মহিষের মতন
বিলুপ্ত হতে চলেছি
আমার শব্দগুলি বাষ্পীয় নিরুত্তাপ
নিত্যকার সকাল
বিরহ ছবি আঁকে
ধরা দাও নারী
ধরা দাও
তুমি আমার শেষ আশ্রয়
ভিজিটিং কার্ড
নতুন ঠিকানা
জানো তো,
চুমু খেতে এক রত্তি পয়সা খরচা হয় না !
২৭ জুলাই ২১। ( মংগলবার )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

