
তোমার প্রতিটি শব্দ
মনে হয় কবিতা
তোমার প্রেমে মজেছি বহুদিন
না হলে এমনতর দশা হয়
বলো?
সেই চোখ খোলার পর থেকে শুরু
রাতে ঘুমুতে যাওয়ার পর
ঘুমঘোরে ও তোমার অবস্থান
মানে,
শুধু তুমি আর তুমি
এছাড়া জগতে বুঝি কিচ্ছু নাই
কিছু থাকতে পারে না
তোমার গোলাপি চিকচিক গাল
জ্বলজ্বল চোখ
ইথোপিয়ান কালো দীঘল চুল
উফফ!
ভাবতে ভাবতে আমি হারিয়ে যাচ্ছি
গলে যাচ্ছি মোমের মতন
পুড়ে চলেছি অবিরত
বিরামহীন এই পথ।
মাঝেমাঝে খেয়াল চাপে
তোমাকে নিয়ে কোথাও চলে যাই
জনমানবহীন কোন দ্বীপে
পরক্ষনেই হুশ ফিরে
কি যা তা ভাবছি
কি সব আজেবাজে বকছি !
বিশ্বাস কর,
তোমাকে একটিবার না দেখলে
ঠান্ডা মেজাজের মানুষ আমি
চরম চেঁচামেচি শুরু করি
কেউ কিছু জিজ্ঞেস করলে
কিছু বলতে পারি না
শিশুদের মতন কথা আটকে যায়
দু চোখ হয়ে উঠে নোনা পানির ফোয়ারা।
আসলে,
তুমি স্বর্গীয় শীতল ছায়া
একটু যদি মিলে ঠাঁই
তাতেই ভেসে যাই।
খেয়াল চাপে তুমি কেন এমন
কেন পুড়িয়ে ছারখার করছ
প্রতিদিনকার আমার চিন্তা চেতনা বোধ
কেন হানা দিচ্ছ রোজ?
বিশ্বাস কর,
তোমাকে এক রত্তি দেখলে
ভেতরকার সমস্ত রক্ত ছলাৎ ছলাৎ শব্দে
তুলে ঢেউ
অন্য একটা সুর নিউরনে জমা হতে থাকে
দীর্ঘক্ষণ ধরে এ প্রকৃয়া চলতে থাকে
দীর্ঘক্ষণ শ্বাস কমে বাড়ে।
আমি চাই ঈশ্বর যেন আমার সহায় হোন
তুমি প্রস্তুত থাকবে আমার আশায়
হাতে গোলাপ
আসমানে তারকাদের ভীড়
বাতাসে তোমার খুশবু
যেই আমার ওষ্ঠ ছুঁবে
তোমার ভিজে থাকা ওষ্ঠ
ঠিক তখন যেন থেমে যায়
দুনিয়ার সকল যুদ্ধবিগ্রহ
সকল আর্তনাদ চিৎকার
বিরাজ করুক সর্বত্র
হাসি আর খুশীর জোয়ার
শান্ত হোক সমুদ্দুর
এসো প্রিয়,
দেখতে থাকি
বহুদিনের মেঘ সরে যাওয়া
আসমানের পরিষ্কার মুখ
একটা জাঁকালো সুর্য
নতুন ঝলমলে রোদ্দুর ।
৮ আগস্ট ২১ । ( রবিবার )
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



