
এখন আর ছুঁতে ইচ্ছে করে না কোন নারীর শরীর
পেতে ইচ্ছে করে না লালা মেশানো চুম্বন
ভেতর ঘরে খা খা রোদ্দুর
হাওয়া শনশন।
গত রাতে রেঁস্তোরায় বসা যে লোকটিকে দেখেছি
যার চোয়াল ভাংগা
বাঁধানো নকল দাঁত
নাকের উপর সোনালী ফ্রেমের চশমা।
সে কি আমার ভবিষ্যৎ ?
অথবা
আমিই সেই লোকটির
ধীরে ধীরে মুছে যাওয়া অতীত ।
লোকটি পুতিন বাইডেন নিয়ে ব্যস্ত
দু বার ঠোঁট ভিজিয়েছে জলে
ক্লান্ত হয়ে গেছে শেষবেলার হিসেব মিলাতে
লোকটি পৃষ্ঠা উলটায় খবর বদলায়
আমি ভাবি,
এবার বুঝি খেলবেন সুডোকু !
না,
না,
লোকটি হাসে
যাবার আগে কানের কাছে
ফিসফিসিয়ে বলেছিল ,
দেশের গনতন্ত্র নাকি
ভিজে গেছে বহু আগে
নানান কিসিমের পেচ্ছাবে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


