সে আসবে জানি
সহস্র শতাব্দী পার হয়ে
মহাকর্ষের শক্তি পাশ কাটিয়ে
অভিকর্ষজ ত্বরণের প্রভাব এড়িয়ে।
সে আসবে জানি
আহ্নিক গতি
বার্ষিক গতি
ছন্দে ফিরিয়ে আনতে।
সে আসবে সবুজ শ্যামল ফসলের ক্ষেতে
হেমন্তের জ্যোৎস্নায় ডুবে যেতে
সোনা আলোয় ফসলের পরিপক্ক হেলানো শীষে।
সে আসবে জানি
দানবীয় বোমার ভেতরে
গোলাপের সজীব পাপড়ি ভরে দিতে
রণংদেহী বিশ্বনেতার হৃদয় মাঝে মনুষ্যত্ব জাগ্রত করতে
চাপাতির পরিবর্তে হাতে বাঁশের বাঁশি ধরিয়ে দিতে।
সে আসবে জানি
লোভ-লালসার রঙ বদলে দিতে
অক্ষরের পর অক্ষর সাজিয়ে
পৃথিবীকে বদলে দিতে।
সহস্র শতাব্দীর অপেক্ষারত
এই পৃথিবী
তার জন্য।।
১৩/১১/২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


