প্রতিবার আমি যখন টিনপট্টিতে আসি
সময় আমায় পিছুটান দেয়
আমার পদক্ষেপ ধীর হয়ে যায়
মনটা ছুট দেয় ঘড়ির কাঁটার উল্টো রাস্তায়।
কড়া নাড়তাম
দরজায় হাসিমুখে তিনি
-ও মা,জামাই এসেছো
এসো,ঘরে এসো।
সময় আমায় পিছুটান দেয়
আর বলে
এইতো সেদিন
সেদিনও তো তিনি বলেছিলেন-
আবার কবে আসবে।
আর সাথে মিষ্টি হাসি,
আচ্ছা,যে যায় সে ফেরে?
হায়,সময় কত দ্রুত দৌড়ায়!
“আমার শরীর আর
আগের মত চলছেনা।
জানো,খালি বমি পায়”।
কয়টা কেমো হলো-প্রশ্ন ছিল আমার।
হাসিমাখা মুখে বলেছিলেন-কি লাভ হিসাব রেখে?
আর কয়দিন?
তাড়াতাড়ি মারা গেলে বাঁচি!
প্রতিবার
প্রতিবার এই বগুড়ার এই টিনপট্টির সময়
আমায় পিছুটান দেয়।
আন্নামাসি-হাসিমুখে একেলা দাঁড়িয়ে,দরজায়।।
15/11/2015
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




