
বেঁচে আছি আজো
সাইয়িদ রফিকুল হক
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
এই মহামারীকালে! এই কঠিন সময়ে।
এই বড় আনন্দ। জীবনের কথকতা এখনো চলছে সুখে,
মানুষের মাঝে আমি এখনো যে বেঁচে আছি!
নিভে গেল কত শত জীবনপ্রদীপখানি।
চোখের সামনে দেখি, মানুষের কত লাশ!
কালঘুমে শোয় গোরে! স্বজনের চোখ ভাসে
এক নদী হাহাকারে! কষ্টবুকে স্বজন
বসে আছে কোনোখানে অসীম ধৈর্য নিয়ে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
থেমে যায়নি আমার জীবনের গল্পটা।
কতদিন দেখি নাকো প্রিয়মুখের হাসিটা!
কোথায় পালাল সব? কে গিলে খাচ্ছে সব?
হাসি নাই, গান নাই! ভালোবাসা নাই কোনো!
শুধু বাঁচার চেষ্টা। সবাই বাঁচতে চায়।
গাছের পাতার মতো ঝরে যায় প্রিয়জন!
বুক ভেঙে কাঁদি শুধু! কে আগে কে পরে যাবে?
কেউ জানে না এখন! শুধু জানে যেতে হবে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
সাইয়িদ রফিকুল হক
২০/০৮/২০২১
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


