পাহাড় তোমায় দুঃখ রাখার আধার কে বলে ?
ওখানে কি দুঃখ রাখ তুমি ,
বুকের গহিনে ?
তোমার উপর আবর্তিত হয় কি এক সাগর লোনাজল
কান্নায় কি ভাসে তোমার অঙ্গ ?
বলবে হুম , আমার উপর দিয়ে ঝরনা বয়ে চলে
ঝরনা আমার চোখের জল
দিন রাত বেয়ে চলে ,আমি কত দুখী ।
দুঃখে যাদের জীবন হৃষ্টপুষ্ট
আজ এই অল্প সুখ তাদের কাছে অসহনীয় ।
দুবেলা দুমুঠো ভাত না পেলে...
এককালে বিদ্রোহ করেছি ।
আজ একটু অভাব দাও প্রভু
আর ও একদিন বুঝি
না পাওয়ার বেদনা ।
কোন এক পথচারীর ফেলে দেওয়া পচা আঙুরের দিকে নিস্পলকে একটানা -
একটানা আরও একবার তাকাতে চাই ।
একবার এক টুকরো মাংসের জন্য আবার ছয় মাইল হাঁটতে চাই ;
দেখি কোন মন্দির কিংবা মসজিদের দরগায় কেউ সিন্নি বিলাই কি না ।
পাহাড় তোমার দুঃখ আছে
বয়ে বেড়াও অলক্ষে সবার ,
আমি ও ।
পাহাড় তোমার দুঃখ তোমার অনাকাঙ্খিত
আমি আমন্ত্রণ জানিয়েছি দুঃখ কে ;
আবার না হয় সামলে নেবো অপ্রতিরোধ্য দুঃখ কে ।
পাহাড় আজ আমার দুঃখ নেই ,
পাহাড় আজ আমার দুঃখ আছে ।
যখন কিছুই ছিল না তখন দুঃখ ছিল না ,
যখন কিছু এলো তখন ই দুঃখ এলো ;
এই ধরো প্রেম ; এসেছে দুঃখ দেবার জন্য ।
পাহাড় তোমাকে স্বাগতম ,
তুমি আমাকে দুঃখ বিলাতে পারো ;
আমার প্রেমের কাছে তোমার দুঃখ সেতো কোন ছার !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



