দুদিন আগে আমার বন্ধু সবুজের সাথে দেখা, সকাল সকাল হাতে মস্ত একটা পাটের বস্তা দেখে হতচকিত হয়ে জিজ্ঞাসা করলাম, "কিরে কই যাস?"
তড়িঘড়ি করে বস্তা খানা কোন মতে গুটিয়ে বার কয়েক লুকিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা করে উত্তর করলো,
"এমনি, একটু কাজ আছে! বাজারে যাবো।"
আমি জিজ্ঞাসা করলাম, "বাজারে যাবি খুব ভাল কথা কিন্তু এত মস্ত এক ছালার ব্যাগে কি এমন বাজার করবি?"
এবারের উত্তর খানিক বাদে এলো, বুঝতে পারলাম একটা মিছে কথা বলার ফন্দি আঁটছে। বুঝতে পারলেও ওকে জানতে দিলাম না যে চালাকিটা আমি ধরে ফেলেছি, আমাকে কোন মতে কাটিয়ে দিয়ে ও চলে গেলো। নিরাপদ দূরত্ব অতিক্রম করলে আমি সবুজের পিছু নিলাম, তেজগাঁও শিল্প এলাকা পার হয়ে সবুজ কারওয়ানবাজারে একটা সবজির দোকানে ঢুকে পড়লো, বস্তা বোঝাই করে রিক্সায় তুললো তারপর রিক্সাওয়ালা বস্তা বোঝাই রিক্সা আর সবুজকে প্যাডেলে হাঁপাতে হাঁপাতে টেনে নিয়ে ছুটলো বাড়ির উদ্দেশ্যে।
সবজির দোকানে গিয়ে সবজিওয়ালা কে জিজ্ঞাসা করলাম,
"একটু আগে যে লোকটা এসেছিল বস্তা বোঝাই করে কি নিয়ে গেলো একটু বলতে পারবেন?" সবজিওয়ালা বললো, "ভাই তো ফুলকপি কিনা নিয়া গেছেন, আপনার কি লাগবো?।"
আমি জিজ্ঞাসা করলাম, "তা, কত কেজি কিনলো?" সবজিওয়ালা বলল, "দুই মণ।"
হঠাৎ সবুজকে এত ফুলকপি কিনতে দেখে অবাক হলাম। সবজির দোকানদার কে আবার জিজ্ঞাসা করলাম, "আচ্ছা ভাই, ফুলকপির দাম কত?" সবজিওয়ালা বলে, "বেশি নাহ, ১০ টাকায় ৩টা পাইবেন, নিবেন কয়টা?"
এত কথার পর কিছু না কিনলে খারাপ দেখা যায়, ১০ টাকায় ৩টা ফুলকপি কিনে বাসায় চলে এলাম। শীতকালে অধিক ফলনের ফলে ফুলকপির এই আকস্মিক মূল্য হ্রাসের ফলেই বুঝি সবুজের এই পরিনতি। চরম হাসতে ইচ্ছা করছে, মানুষ এতটা পাগলাটে কেন হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





