মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ
_________________________
সারিবদ্ধ তৃণের চিকন ডগায় সাঁঙ্কানী যখন ডানা মেলবে অথবা সুদূর শূন্য থেকে ঈগল যখন বিক্ষিপ্ত উল্কা
আমি আসবো
কম্পমান তৃণের আগা ছুয়ে উড়ে যাবার অথবা শূন্য কেটে
নিম্নমূখী হবার কালে আমি তাদের পিঠে জিন চাপবো
লাগাম ও চাবুক ছাড়াই
তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়, সুন্দরের ক্রীতদাস
তোমার সৌরভে প্রান্তরে কাঠগোলাপের অরণ্যে যৌবনোদয়
তোমার নিঃশ্বাসে বৃক্ষ ও বাতাসের মাঝে সমান্তরাল কস্তুরীপথ
সেইসব পথে গাঢ়তর চিহ্ন, গোধূলীর ছায়া
আমি আসবো
তৃষ্ণাক্লান্ত দেহ ও মনে
তুমি হৃদপিন্ডের দরজা খোলা রেখো দু'হাত বাড়িয়ে থেকো
মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ
আর জল রেখো দেহচোখের
অতঃপর
মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর
তখন পার্থিব আকার
সুগন্ধ
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।
__________________
_________ বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



