অনেকেই আছেন যারা প্রবাসী শুনলেই নাক সিটকান। ভাই এমনটি কার সাথে করেন? যারা প্রবাসী তারা তো আপনার বাপ-ভাই, মামা, কাকা, খালু। তাদের সম্মান করতে শিখুন। মায়ের প্রতি ভালোবাসা বোঝা যায় মাকে ছেড়ে দুরে থাকলেই। যে মা আপনার জন্য প্লেটে ভাত নিয়ে রাত জেগে থাকেন, যখন আপনার সব অকাজের কাজ শেষ করে বাড়ি ফেরে আসেন, তখন মা আপনার জন্য সেই ভাত খেতে ডেকে নিয়ে যান। তবুও মায়ের চোখে, মুখে নেই কোন ক্লান্তি। দেশটাও তেমনি আমাদের ২য় মা। যদি দেশের ভালোবাসা বোঝতে চান, মাত্র এক সপ্তাহের জন্য দেশের বাইরে যান, বোঝে যাবেন কি জিনিস ফেলে এসেছেন। আমরা প্রবাসীরা আমাদের সেই সোনার দেশটাকে দুরে ফেলে রেখে পরে থাকি বছরের পর বছর। দিন যায়, মাস যায় আমাদের স্বপ্নও ডাল পালা মেলে।
ঈদ তো প্রতিবছরই আসে। সেই একই রকম, সে একই আনন্দ। আমাদের মতো প্রবাসীর জীবনেও ঈদ আসে। তবে তা আসে এক বুক কষ্ট নিয়ে। কষ্টের মাঝেই পেরিয়ে যায় ঈদের দিনটা। পরের দিনেই শুরু হয় আবার হিমোগ্লোবিন বিক্রি। অনেককে আবার কাজ আর্জেণ্ট থাকলে ঈদের দিনও কাজ করতে হয়। আমাদের কোম্পানীর ওয়ার্কারদের ই করতে হয়। কি করব; কিছুই করার নেই তাদের জন্য। আমি তো আর কোম্পানীর প্রশাসনিক দায়িত্বে নেই যে তাদের ঈদের দিন তাদের ছুটি দেবো।
ঈদের সময় আমাদের একটু আনন্দ যেটা সেটা হলো কে বাড়িতে কতো টাকা পাঠিয়েছি। সেই টাকা দিয়ে বাবা লুঙ্গি-পাঞ্জাবি কিনেছে, মা পরার জন্য একটা আটপৌড়ে শাড়ি কিনেছে; ছোট ভাই/বোন নতুন জামা কিনেছে; বোন-দুলাভাই নতুন একটা কিছু পেয়েছে। এটাই আমার আনন্দ। এতেই আমি খুশি। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মোট ঈদ হচ্ছে ১২ টি। আমি ২০১০ এ রোজার এবং ২০১২ তে কোরবানী ঈদে বাবা মার সাথে করতে পেরেছিলাম। বাকি ১০টি ঈদ দেশের বাইরেই করলাম। ঈদের আগের দিন রুমের সব মেম্বার মিলে বাজার করা, কাটা-বাছা করা, রাত ১২.০০-১.০০ টা পর্যন্ত রান্না করা, ভোরে গোসল সেরে সেমাই খেয়ে ৭.৩০ এ নামাজ পড়া। তারপর রুমে ফিরে বা বন্ধু-সহকর্মীদের বাসায় খাওয়া দাওয়া করে দুপুরে দেশের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলা। তারপর দুরের বন্ধুদের সাথে দেখা করা বা ঘুমানো; বিকেলে পার্কে ঘুরতে যাওয়া এইতো আমাদের ঈদের দিন। তারপরদিন আবার শুরু হয় কর্ম তৎপরতা। ভুলে যাই গতকাল যে আমার একটা আনন্দের দিন গেছে। আবার কম্পিউটারে, এম এস এক্সেলে হিসাব করি ঘন্টার; আজকে কত ঘন্টা ডিউটি করলাম। প্রতি ঘন্টা ২৩০টাকা হলে সারাদিনে আমার ইনকাম কতো হলো। এভাবেই দিনটা শেষ। মাসটা যায়। বছরটাও পার হয়। চলে আসে পরবর্তী ঈদ।
এবার আসি পরিবারের কথায়। দেশে প্রবাসীদের পরিবারেও আসে ঈদ -একরাশ আনন্দের ছোঁয়া নিয়ে। ঈদের আগে টাকা পাঠাতে পারলে আনন্দটা থাকে বেশি। না পারলে আনন্দটা হয়ে যায় ম্লান। প্রতিদিনের মতো ঈদের দিনটাও চলে আসে। সবাই সকালে গোসল সারতে যায় কলপাড়ে। বাবা হয়তো আমার জন্য অপেক্ষা করে এই ভেবে, গতকাল যে নতুন সাবানটা কিনে আনলাম সেটা নিয়ে ছেলে কেন এখনো কলপাড়ে আসছে না??? তারপরই যখন মনে হয় ছেলে তো বাড়িতে/দেশে নেই। তখন কি বাবার দুচোখ থেকে দু ফোটা জল গড়ায় না আমার জন্য? আমি জানি গড়ায়, কিন্তু কেউ দেখে না সে জল। তারপর যখন নাস্তা খেতে বসে তখন কি মা আমার প্লেটটা ও ধুয়ে উঠোনে রাখেন না এই ভেবে যে ছেলে পাশের বাড়ি গেছে, এখনি ফিরে এসে বসবে!!! তারপর যখন মনে হয় ছেলে আসবে না, তখন কি মা আচলে মুখ চেপে ছুটে যায় রান্না ঘরে; মুখ লুকিয়ে দু-দন্ড কেঁদে নেয় সেখানে বসে?? আমি জানি মা কাঁদে। তারপর বাবা জামা-কাপড় পড়ে নামাজ পড়তে যাবার আগে একটু অপেক্ষা করে না যে ছেলে কেন আসছে না এখনো জায়নামাজ নিয়ে? নামাজের সময় হয়ে যাচ্ছে? আমি জানি বাবা বরই গাছটার নিচে একটু থমকে দাড়াঁয় আমার জন্য। হয়তো একটু বিরক্তও হয় আসতে দেরি হচ্ছে দেখে। মা ওই দুরের মেঠো রাস্তার দিকে তাকিয়ে থাকে ওই রাস্তা দিয়ে যারা ঈদগাহে যাচেছ নামাজ পড়তে তাদের পানে। তাঁর লম্বা ছেলেটাও ওই দলটায় থাকত একমসয়, তার হাঁটা দেখেই চেনা যেত। মা আবারও ডুকরে কেঁদে উঠেন এই ঈদ আনন্দের দিনে। আমার বোনটাও মনে হয় তার সংসার খরচের টাকা থেকে বাচিয়ে ১০০ টাকা আলাদা করে রেখেছে এই ভেবে যে বিকেলে ভাইটা আসবে, তার হাতে দিতে হবে।
আর যারা নতুন বউ রেখে এসেছেন, বউটাই বা কি ভাবে? প্রতিটা সময়, মুহুর্ত্ব যেন তার কাছে লাগে একেটা অনন্ত প্রহর। হয়তো তার ইচ্ছা হয় খুব ভোরে ঘুম থেকে উঠেই গোসল সেরে স্বামীকে সালাম করে ঘরের কাজে হাত লাগাবেন। তারপর স্বামীর সাথে একটু দুষ্টুমি করে তাকে ঘুম থেকে তুলে দিবেন। স্বামী যদি এসময় একটু বাড়াবাড়ি করে, তবুও কিছুই বলবেন না। তারপর রান্না সেরে সদ্য কেনা নতুন শাড়িটি, ম্যাচিং করা অন্যান্য অনুসঙ্গ, হাতভর্তি চুরি পরে লাল রঙ্গা মেহেদী হাতে মাঠে যাওয়ার আগে স্বামীকে সালাম করা, বিনিময়ে স্বামীর বুকে দুই মিনিট নির্লিপ্ততায় দুই মিনিট মিনি বিড়ালের মতো চুপ করে থাকা। তার সব ইচ্ছা গুলো চাপা দেয় প্রবাস, ডলার নামক শব্দের স্তুপের নিচে।
জানি সবাই কষ্ট করে যার যার অবস্থান থেকে। তবুও চাই ঈদের আনন্দ সবাই ভাগা-ভাগি করে নিয়ে আনন্দে মেতে উঠুক। বয়ে যাক শান্তির সু বাতাস বাংলার প্রতিটি ঘরে। আপনার পাশের বাড়ির প্রবাসীর বাড়িতে ঈদের দিন অন্তত আপনার মুল্যবান দশটা মিনিট কাটান। প্রবাসীর বাবা-মায়ের কষ্টটা অন্তত একটু হলেও লাঘব করার অনুরোধ করে আমি সবাইকে অগ্রীম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিলাম।
সিঙ্গাপুর থেকে---
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




