
আমি জেগে উঠি প্রত্যুষে-
রোজ রোজ ওরা আমায় জাগিয়ে দেয়
বাদামী রংঙের পাখি দুটি; অনিন্দ্য ও অনিমা।
তাদের উদ্দাম কলকাকলীতে জেগে উঠি আমি
বাদামী পাখি দুটি আমার প্রতিবেশী
তাদের বাসাটাও ছিমছাম, গুছানো, পরিপাটি
তারা থাকে আমারই বাসার ভাঙ্গা ঘুলঘুলিতে
মুলতঃ তাদের জন্যই আমি সারাই না ভাঙ্গা ভেন্টিলেটর।
ভোরে উঠেই আমি বারান্দাতে যাই,
দেখি কপোত-কপোতী বাইরে নেমে এসেছে
পাশাপাশি হাঁটছে দুজনায়, মাঝে মাঝে একে অপরকে
খোঁচা মেরে গত রাতের ভালো মন্দ লাগার হিসাব বুঝে নেয়।
ধারণা করি, হাত থাকলে দুটি হাত ধরেই ঘুরে বেড়াতো তারা।
......... আর আমি কল্পনাতে ভেসে যাই।
তারপর ব্রাশ হাতে যাই কলপাড়ে,
পাখি দুটি উড়ে এসে বসে আমার
কাগজী লেবু অথবা গন্ধরাজের ডালে, অথবা কাকরোলের ঝাড়ে।
আমি কথা বলি তাদের সাথে -
অনিন্দ্য-অনিমা, রাতের ঘুম কেমন হলো?
বলে খুলে দেই পানির কল।
অনিন্দ্য-অনিমা উড়ে এসে দুই ঢোক পানি খায়
অনিন্দ্য বলে, "কিচির মিচির কিচি কিচি কিচ কিচ"
আমি বুঝে নেই বলছে "অনিমা রাত্রে ভালো করে ঘুমোতে দেয় না।
সারা রাত খালি গল্প করে"।
এবার অনিমা বলে, "কিচ কিচ কিচির মিচির কিচি কিচি"
আমি বুঝে নেই বলছে " ভাইজান, ও সারা রাত নাসিকা গর্জনে ঘুমায়।
তাই আমি ওকে কবিতা শোনাই। নাক ডাকার চেয়ে কবিতা পাঠ ভালো না?"
আমি হেসে উঠি ওদের খুনসুটি দেখে।
আমার ছোট্ট মেয়েটা ডেকে ওঠে, " বাপি তোমার চা নরম হয়ে গেলো যে"
আমি আমার কাজ সেরে ওদেরকে বলি, "ভালো থাকিস তোরা।
আবার দেখা হবে আগামীকাল ভোরে।"
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




