
তুমি হারিয়ে গেছ নদীর বাঁকে কঠিন তরী বেঁয়ে
চলে গেছ আকাশের নীল ছুঁয়ে।
তবুও জেনে রেখো কবিতা
তুমি ডায়েরীর কারাবাসে বন্দিনী নও।
ডানার ভরে মুক্ত পাখি উড়তে দেখে,
খুজে পেয়েছি আমার ভালবাসার ঘর ওই নীলে।
বৃত্তের কেন্দ্র থেকে সরে যে শূন্য রচনা করেছিলে,
তার জন্যে আদালতে কোন নালিশ নেই,
নিঃশ্বাসে মিশে প্রতিটি বায়ুর সাক্ষী,
কোন অনুযোগ নেই, নেই অভিমানের ওজর।
যে জলে তোমার ছবি দেখতাম,
আজকাল তাতে নীল আকাশের আঁচল দেখি,
টলমল টলমল মেঘের ভেলায়,
পাড়ি দিতে চাই প্রতিটি শেষ বিকেল।
কখনো সেই আকাশ দেখো কবিতা,
তোমার প্রতিটি পয়সা উসুল হবে গ্যারান্টি দিলাম।
আর হ্যাঁ, রাজপুত্রের হাতে হাত রেখেই দেখ,
কোন আপত্তি নেই আমার।
শুধু খুলে ফেলো ওই খোঁপার লাল জবা,
হাতের প্রতিটি লাল চুড়ি,
পায়ের আলতা, নুপুর।
নয়ত, জলের বুকের নীল ওদের রঙে ভেসে যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




