![]()
এবার গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেল জুনের ১ম সপ্তাহ থেকেই। প্রায় আড়াই মাসের লম্বা ছুটি। সবার মনেই কত ফুর্তি- শপিং, প্যাকিং। আমি ও শাকিলা -দেখি আর মন খারাপ করি। আমরা এবার যাচ্ছিনা। যাচ্ছিনা বললে ভুল বলা হবে, ঈদের ১ সপ্তাহ আগে মাত্র ১৫ দিনের জন্য ঢাকা যাব।
আমাদের মত আরো কয়েকটি ফ্যামিলি এবার ছুটিতে থাকছে। ওসামা, আজম ভাই আর আছেন জহির ভাই। ওসামা, আজম ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এবং জহির ভাই সৌদি এয়ারলাইন্সের এজেন্সি অফিসে আছেন। এই কয়েকজন মিলে ভালোই আড্ডা চলতে থাকল। রাত হলেই আমরা বেরিয়ে পড়ি, আড্ডা দেই, রেস্টুরেন্টে খাই অথবা বার্নিজ কফির স্বাদ নেই।
এক বৃহঃবার হঠাৎ জহির ভাই বললেন, ‘চলেন এক আম বাগানে ঘুরে আসি। আমার এক ক্লায়েন্ট অনেকদিন ধরে যেতে বলছে, কিন্তু সময় করে উঠতে পারিনি।’ আমি ও আজম ভাই এক কথায় রাজি হয়ে গেলাম। আম বাগানটি জিজান যাবার পথে, বড়জোড় ৪৫ মিনিটের ড্রাইভ।
পরেরদিন শুক্রবার আসরের পর রওনা দিলাম। বাগানের কাছে একটি গ্যাস স্টেশনে আমরা দঁড়ালাম। বাগানের লোকটি (খোকন ভাই) আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। যেতে যেতে দেখছিলাম পথের পাশে লাউ গাছের সারি। সিজন শেষ, অনেক লাউ শুকিয়ে আছে। বুঝাই যাচ্ছে অনেক লাউ ধরে ছিল। আমরা একটা ঘেরা জায়গায় পৌছে গেলাম। পাহাড়ের কোলে, এই মরুর মাঝখানে যেন এক টুকরো বাংলাদেশ। চারপাশ জুড়ে সবুজের ছড়াছড়ি।
যেখানে দাঁড়িয়ে আছি, মাথার উপরে কাঠ বাদাম গাছ, আশে পাশে অনেক নিম গাছ। কাঠ বাদাম পেকে নীচে পড়ে আছে। এর ভেতরের নরম কোর নাকি খাওয়া যায়। আমি আগে জানতাম না। না হলে ঢাকায় আমাদের বাড়ীর আশে পাশের গাছের বাদাম থাকে নাকি? গাছটি আমি অনেক পছন্দ করি। এর পাতাগুলো অনেক বড় এবং সব মিলিয়ে গাছটি একটি ছাতার মত। গত ছুটিতে আমি নিজে ২ টি গাছ লাগিয়ে এসেছি।
খোকন ভাই আমাদেরকে আম বাগানের দিকে নিয়ে যাচ্ছেন। হাতে আম পাড়ার জন্য বিশাল রড। ছোটবেলায় বাঁশের লগি দিয়ে কত আম পেড়েছি। সৌদিতে এসে এভাবে আম পাড়ার সৌভাগ্য হবে তা কখনো ভাবতে পেরেছিলাম?
![]()
![]()
![]()
আম বাগানে ঢুকে চোখ মাথায় উঠল। চারিদিকে আম গাছের সারি। পায়ের কাছে হাটু সমান ঘাস। কে বলবে আমরা বাংলাদেশে নেই? আমরা সবাই ট্রাউজার গুটিয়ে নিলাম। জহির ভাই পারলে তখনই গাছে চড়েন, এক সময় গাছে উঠলেনও। প্রথমেই খোকন ভাই আমাদের তিনজনকে ৩টি পাকা আম খেতে দিলেন। কামড় দিতেই মিস্টি রসের বিচ্ছুরণ। আহ! গাছ পাকা আম কতদিন পরে খেলাম। খোকন ভাই আফসোস করলেন আমরা কেন আরো ২ মাস আগে আসলাম না। এখন সিজন শেষ, গাছে গাছে অল্প কিছু আম আছে। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন গাছে থেকে ২ বালতি আম পেড়ে আনলেন। আর এর মাঝে আমরা বসে থাকিনি, পেট ভরে আম খেয়েছি।
![]()
![]()
![]()
![]()
আমার ভাগের আম
আম বাগানের পাশেই কলা বাগান। কলা মাত্র ধরতে শুরু করেছে। পাশের ক্ষেতেই দেখলাম পরিচিত একটা গাছ-আরে এ যে পাট শাক! আরেকটি ক্ষেতে পুঁই শাক আছে। আমি কিছু পুঁই শাক নিয়ে নিলাম।
![]()
![]()
কলা বাগান
![]()
পাট শাক
![]()
পুঁই শাক
![]()
বেগুনও আছে
ফেরার পথে মেঠো রাস্তা ধরে আসছিলাম। এরকম মেঠো রাস্তা বাংলাদেশ ছাড়া আর কোথায় দেখা যায়? সালাম সেইসব বাংলাদেশিদেরকে যারা মরুর বুকে ছোট ছোট বাংলাদেশ গড়ে তুলছেন।
![]()
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



