বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূল বনাঞ্চল (ম্যানগ্রোভ) সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে পারলে এ জয় হবে গোটা জাতির। তাই সুন্দরবনকে এগিয়ে নিতে সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে। এ নির্বাচন-প্রক্রিয়ার চূড়ান্ত পর্বে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করতে হবে। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটি ও বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত ‘বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে দুই বাংলার গর্ব সুন্দরবনকে বিজয়ী করতে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত দেন।
বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন যে একটি জাতীয় আন্দোলনের বিষয় হতে পারে, তা জেনে আমি অভিভূত। এর মাধ্যমে আমাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। এটি এখন আমাদের একটি জাতীয় কর্তব্যে পরিণত হয়েছে।’
বৈঠকে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম বলেন, ‘সুন্দরবনকে এগিয়ে নিতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সুন্দরবনকে এক নম্বর করতেই আমাদের কাজ করতে হবে।’ বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ বলেন, সুন্দরবনকে এগিয়ে নেওয়ার এটাই উপযুক্ত সময়।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটির সহসভাপতি হারুন অর রশিদ। বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আবদুল হালিম খান, গোল্ডেন বাংলাদেশের প্রধান জাহাঙ্গীর আলম, বিশেষ পুলিশ সুপার মারুফ হাসানসহ আরও অনেকে বক্তব্য দেন। সুন্দরবনকে ভোট দেওয়া যাবে http://www.new7 wonders.com ঠিকানার ওয়েবসাইটে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

