তুমিহীনা মিরপুরের রাস্তা কি ভাবা যায় ?
সমস্ত ঢাকা তখন অপ্রকৃতিস্থ অবাস্তব নগরীর মতো,
মানুষগুলো অনার্য— বর্গী-মারাঠাদের মতোই অপরিচিত পর ।
হরতালের রাস্তার মতো শূন্য সব,
ইঞ্জিনের গর্জনে কাঁপতে থাকা
গাড়ি, ঝিম ধরে দাঁড়িয়ে থাকা
রংহীন, বিশেষত্বহীন স্তব্ধ বাড়ি—
বন্ধ গার্মেন্টসগুলোর মতোন অশোভন;
যেখানে কেউ নেই, কোন উদ্দেশ্য নেই
সেখানে হাঁটার মূল্য কি বলো,
টেকনিক্যাল হতে মিরপুর সাড়ে বারোর মতো অত দূর ?
সেখানকার সীসাঘন গরম বাতাসে ঘাম মেটে না রেণু,
সে বাতাস কপালের চিকন কোণে,
কুন্তলে সূঁচের মতো হুল ফুটিয়ে যায়;
বাঁ হাতের উল্টোপিঠে ঘাম মুছে ঝেড়ে ফেলি কয়েকটি ছোট্ট দীর্ঘশ্বাস ।
এ শহর আমার নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



