কী জানি কথা ছিল তোমার সনে...
কথাটুকু মনে নেই আর,
ব্যথাটুকু আজো আছে;
ভীড়ের কোলাহল মাঝে
আমি আমার ভেতরে ঢুকি,
হাত বাড়িয়ে নাগাল ছুঁতে চাই-
সেই যে বুকের মাঝে ছলাৎ করা অনুভূতি-
সব যেন কোথায় হারিয়ে গেছে,
কেবল আজ ব্যথাটুকু আছে!
দিন দিন সব ক্ষয়ে যায়।
চোখের দৃষ্টি, স্মৃতির নোনাজল
আর বৃষ্টিতে ভেজার মানে
পাল্টায়, দর্শনের পাতা
পাল্টায়, পাল্টায় মুখের রেখা!
বয়সের ছাপ আয়েশ করে
তামাটে প্রলেপ মেখে দিল অনুভবের গায়ে,
তবু একটি ক্ষত আমি বাঁচিয়ে রেখেছি যতনে আঁচড়ে
তুমি আমার সুখের বেদনা
তোমারে দেইনি শুকোতে,
দিনে দিনে কত অভিমান গেল বেড়ে;
তোমার চেহারা গিয়েছি ভুলে
অভিযোগও গিয়েছে ফুরিয়ে সব,
ব্যথাটুকু তবু আছে!
কী যেন কথা ছিল তোমার সাথে
তোমার অবয়ব আজ আর তোমাতে নেই শুধু;
যে বৃষ্টির জল উঠোন ভাসিয়ে দেয়,
যে গোধূলির রঙ সন্ধ্যা নামিয়ে দেয়,
কিংবা যে করুণ গান পাঁজর নড়িয়ে দেয়,
কিংবা স্বজনহারার ক্রন্দন-
সবকিছুতেই আমি তোমাকে টের পাই, সবকিছুই আজ তুমি!
একটি মুখ যখন সারা পৃথিবী হয়ে ওঠে,
একটি মুখ যখন তাবৎ সৌন্দর্যের উপমা হয়ে ওঠে,
সে মুখ তখন আর বয়সে ভাঙে না কভু;
সে চির অমর এই প্রাণে।
তুমি নাই তবু আছ, অভিমান করার যে অভিযোগগুলো ছিল
সব ভুলে গিয়ে, তারচেয়েও বড়ো প্রয়োজনের
কী যেন কথা ছিল তোমার সাথে-
আমার তা মনে নেই,
এই এত বছরে মুখটাও আর অবিকল নেই,
সেই যে একটু দেখায় অপার শিহরণ, সেও ভুলেছি আমি
ব্যথাটুকু শুধু আছে!
কী জানি কথা ছিল তোমার সনে
বলা হল না যা কিছু, নাইবা জানলে তুমি
ব্যাথাটুকু জেনো, রেখেছি যতনে..
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


