অঝোর ধারায় বৃষ্টি ঝরে, ভাসছে বানে সব
গগন জুড়ে মেঘ গরজে ভীষণ কলরব!
বাইরে যাওয়া কষ্ট সবার ভিজে সারা গা!
“লেবুর পাতা করমচা যা বৃষ্টি ধরে যা!”
কোমর জলে যাওয়া আসা পথটা আছে ডুবে
যায় না দেখা রবির কিরণ, পশ্চিমে বা পূবে।
ঘন কালো মেঘের ভেলার আকাশ জুড়ে ভাসা-
“লেবুর পাতা করমচা যা বৃষ্টি ধরে যা!”
আর তো কিছুই যায় না শোনা ঝমঝমাঝম ঝম
এমন দিনে ঘরের কোণে আটকে আসে দম!
কতই বা আর লাগে ভালো চুমুক দিতে চা!
“লেবুর পাতা করমচা যা বৃষ্টি ধরে যা!”
চারপাশটা আবছা আলোয় যায় না দেখা ভালো
মাঝে মাঝেই তাই কি বিধি মেঘের প্রদীপ জ্বালো?
সেই প্রদীপের শিখায় পোড়ে গাছপালা, খড়-গাদা।
“লেবুর পাতা করমচা যা বৃষ্টি ধরে যা!”
কূল-কিনারা পাই না ভেবে হচ্ছে কী তার হাল
মাথার উপর রয়েছে যার শতেক ফুটোর চাল!
বাইরে যতই ঝরছে বারি ঘরে কি কম তা?
“লেবুর পাতা করমচা যা বৃষ্টি ধরে যা!”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



