ভৃত্যটিকে বলেছিলাম পানপত্র আন
কি শুনেছে, আনলো ব্যাটা পানপাত্রখান!
আমি কি আর আগের মত পান করি রে হায়!
করব না পান! পানই খাবো, পানই নিয়ে আয়।
দৌঁড়ে গেল ঘরের ভেতর, মিনিট পাঁচেক পরে
হাজির হল একটি গেলাস পানি হাতে করে।
কাঁহাতক আর মেজাজখানা না বিগড়ে ঠিক রবে
শোন বলছি শেষবার, যা; পানই আনতে হবে।
কপালে তার ভ্রু-কুঞ্চন, চিন্তিত বেশ লাগলো
খানিক পরে দরজা খুলে সামনে থেকে ভাগলো।
আধঘন্টা, একঘন্টা, দেড়ও হল পার
পান খাওয়ার ইচ্ছেখানাই খেয়ে গেলো মার!
পত্রিকাটা হাতে নিয়ে পড়ছি আত্মভুলে
অবাক হয়ে দেখি হঠাৎ সমুখে চোখ তুলে-
ভৃত্য ব্যাটা হাজির আবার সাথে কে জানি না
বলল, এটা জাপানী, স্যার, দেখতে লাগে চীনা।
আকাশ থেকে পড়ি যেন! পান খাইতে চেয়ে
শেষে কি না সাধ মেটাব জাপানী লোক খেয়ে!
পান না এনে ভৃত্য কেন বারবার ভুল করছে
এমন ভাবি তেমন ভাবি, ভেবে মাথা ধরছে।
ভেবে ভেবে পেলাম শেষে বেতাল কেন ভৃত্যয়,
কাল হয়েছে পান-এর সাথে যোগ করা ই-প্রত্যয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



