ফুল, আইসক্রিম আর তাঁর প্রিয় শিল্পী হেমন্তের গানের ক্যাসেট নিয়ে “ শুভ মা দিবস !“ বলে আমাদের তিন বোনের চেঁচিয়ে উঠা শেষ কবে ?
“আমিও পথের মত হারিয়ে যাব , আসবো না ফিরে আর , আসবো না ফিরে কোন দিন... “ সেই ক্যাসেটের একটি গান সারাদিন বাজতে থাকে ... “উফ! মা, একটা গান আর কতবার শুনবা ?” – আমরা বিরক্ত হই । তিনি হাসেন।
আমরা মা-মেয়ে বন্ধু হয়ে উঠার প্রক্রিয়ায় সবে পা রাখি ... তরুণী বেলার প্রথম না বলা প্রেমের দুঃখে তাঁর কোলে মাথা রেখে হাউমাউ কান্না, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সন্তানের কষ্ট ছুঁয়ে তিনিও কাঁদেন ...আমার শক্তি হয়ে উঠেন ... নানা ধরনের বিষয় আমাদের গল্প আর হাসি ঠাট্টার কারন হয়ে উঠতে লাগলো ...
এরই মধ্যে হটাত হটাত অসুস্থ হন... ডাক্তার বললেন ক্যানসার । তীব্র লড়াই করলেন ১ টা বছর ... চোখের সামনে ধীরে ধীরে প্রিয় মানুষটা ক্ষয়ে যেতে লাগলেন ...
জীবনের নিয়মে জীবন চলেছে, চলছে... আজ ১২ টা বছর ধরে তাঁকে বুকের ভিতর ধারন করে আছি ... কষ্ট পেলে এখনও অন্ধকারে তাঁর কোলেই মাথা রেখে কাঁদি ...
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


