চুকাইয়ের গাছে মায়া লেগে আছে
কান্না লেগে আছে মরিচের সাদা ফুলে
খড়ের গাদায় দুপুর নুব্জ্য হয়ে আছে
মোরগের ঝুঁটিতে ঘোড়সওয়ারের মতন
চেপে বসে আছে বিষন্নতা।
তুমি কি তা দেখছো?
এইটুকু বলে কবি ক্ষান্ত হতে পারতেন।
লম্বা দম নিয়ে, নিজেকে খানিক বিরতি দিয়ে,
তিনি দিতে পারতেন, উছলে পড়া রোদের বর্ণনা।
কিন্তু কবি লিখলেন অনুপস্থিতির ভার।
কবি লিখলেন, জানি না, তথাগত নির্বাণ
পেয়েছে কি-না। জানি না, যে নিয়েছে
ইচ্ছেমৃত্যু বেছে, সে পেয়েছে কি-না
শান্তির সন্ধান। তবু, আজ আমি
তার কবরের বুকে এক গোছা ঘাস হতে চাই।
০২.০২.১৭
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



