
আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা একসময় কাজী নজরুল ইসলামসহ অন্যান্য কবি-সাহিত্যিক এবং সেইসব মানুষ যারা আমাদের শ্রদ্ধার পাত্র তাদেরকেও অপমান করতে ছাড়বে না। কাজী নজরুল ইসলাম তো হিন্দুদের দেব দেবীর উদ্দেশ্যে নানা রচনাও উৎসর্গ করেছিলেন। এসব অজুহাতে তাঁকে একসময় এরাই নাস্তিক, কাফের, মুরতাদসহ নানা “অভিযোগে” আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যা করছে তাঁকে নিয়েও তাই করবে। করবে আমাদের অন্যান্য সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের নিয়েও, নানা অজুহাতে। আজ এতসব দেখেও যারা মজা নিচ্ছেন আর যারা চুপ আছেন, দয়া করে তাই করতে থাকুন। মিথ্যাচার আর হিংসা-বিদ্বেষের এ চরম উন্মাদনা একদিন আপনাদের বিপক্ষেও যাবে কোনও না কোনোভাবে। সেদিন দয়া করে আর কাঁদবেন না।
এ প্রসঙ্গে জার্মান কবি মার্টিন নিম্যোলার এর সেই বিখ্যাত কবিতাটি মনে পড়ে যায়-
যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোনো কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট ছিলাম না।
তারপর যখন ওরা সমাজতন্ত্রীদের (Socialists) ধরে নিয়ে গেলো,
আমি নীরব ছিলাম,
কারণ আমি সমাজতন্ত্রী ছিলাম না।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেলো,
আমি প্রতিবাদ করিনি,
কারণ আমি শ্রমিক ইউনিয়নের কেউ ছিলাম না।
তারপর যখন ওরা ইহুদিদের ধরতে এলো,
আমি টু শব্দটি করিনি,
কারণ আমি ইহুদি ছিলাম না।
আর সবার শেষে যখন ওরা আমাকে ধরতে এলো—
আমার পক্ষে কথা বলার মতো তখন আর কেউ বাকি ছিল না।
প্রস্তুত থাকুন। এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



