পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আবারো জোর দিয়ে বলেছেন, নির্বাসিত কবি তসলিমা নাসরিনের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। তার পাসপোর্ট নবায়নের ব্যাপারেও কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। গত ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তার স্টেট ডিপার্টমেন্ট ও ক্যাপিটল হিল সফরের আলোকে মতবিনিময়কালে ডা. দীপু মনি আরো বলেন, তসলিমা নাসরিনের নাগরিকত্ব যেহেতু বাতিল করা হয়নি তাই তার পাসপোর্ট নবায়ন না করার কোনো কারণ নেই। মতবিনিময়কালে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী নাসরিনের দেশে ফেরার ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, অতীতের সরকারের কথা আমি বলতে পারব না তবে আমাদের সরকার বাংলাদেশের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তিনি আবারো উল্লেখ করেন, তসলিমা নাসরিন দেশে ফিরলে তার নিরাপত্তাজনিত ব্যাপারে সজাগ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগেও যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি উল্লেখ করেন তসলিমা নাসরিনের পাসপোর্ট নবায়নের ব্যাপারে সরকারের কোনো বাধা নেই। ২৬ জুন জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তখন তিনি অতিথি হিসেবে যোগদান করেছিলেন।
দীর্ঘ ১৫ বছর তসলিমা নাসরিন নির্বাসিত রয়েছেন। ভারত, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফ্রান্স হয়ে এখন তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার জন্যে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট অফিসে গিয়েছেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়া পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্যে। কেউই বাড়িয়ে দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী ২৬ জুন যুক্তরাষ্ট্রে স্থানীয় সংবাদ সম্মেলনে তসলিমা নাসরিনের পাসপোর্ট নবায়নে সরকারের বাধা না থাকার কথা উল্লেখ করার পর বার্তাসংস্থা এনার সঙ্গে এক সাক্ষাৎকারে নাসরিন বলেছিলেন, আমার পাসপোর্ট নবায়নে যদি বাধা না থাকে তাহলে এর মেয়াদ বাড়িয়ে দেয়া হচ্ছে না কেন? ওই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে দিন বদলের স্লোগান দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, মিথ্যা কথা কে বলছেনÑ তসলিমা নাসরিন নাকি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি? সরকারের যদি কোনো বাধা না থাকে তাহলে যুক্তরাষ্ট্রে দূতাবাসের কর্তারা কি নিজেদের সিদ্ধান্তে নাসরিনের পাসপোর্ট নবায়ন করছেন না? বিষয়টি যখন একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইসু এবং একজন নাগরিকের অধিকার হননের প্রশ্ন জড়িত সেখানে সরকারের উচিত এ ব্যাপারে তাদের অবস্থানটি পরিষ্কার করা।
(লেখাটি আকিদুল ইসলাম থেকে সংকলিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


