পৌষ,
ছোট্ট মেয়ে
কথা বলে আধোমুখে,
পুরো শব্দ বলতে পারেনা।
পাখি ভালোবাসে।
চড়ুই,
বারান্দায় আসে
ও চড়ুই ধরতে যায়, ভালোবেসে।
মাসী,
আমাদের বাসায় থাকে।
বলছিলো, তখন সে ছিলো হয়তো পৌষের মতো
বয়সে। ভালোবাসতো হাঁস ধরতে।
বাচ্চারা,
নাকি ভয় পায়না কিংবা
ভয় ওদের বোধে ভর করেনা।
তাইতো কখনো হাত দেয় আগুনে অথবা
মুখে দিয়ে দিতে পারে জ্বলন্ত কয়লা।
যাই হোক, একদিন কোলে নিতে গিয়ে,
মাসী, গলা চেপে ধরলো একটি হাঁসের।
বাচ্চাদের আঙুল, নাকি সাঁড়াশির মতো চেপে ধরে
সবকিছু।
মাসীর আঙুলও ধরেছিলো হাঁসের গলা।
ফলাফল শ্বাসরোধে মৃত্যু,
হাঁসটির।
পৌষও পাখি ভালোবেসে ধরতে চায়।
কিনে দেইনা ওকে খাঁচাবন্দী পাখি।
ফলাফলে মৃত্যুই যদি ঘটে ভালোবাসার!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




