অনেক বছর আগে,
দেড় বিঘা জমি পেয়েছিল বাবা ভাইবোনেদের ভাগে।
সে যুগের ভাগ মুখে মুখে ছিল,কাগজ ছিলনা কোনো
এখন কোর্টের নোটিশ হয়েছে,কাগজপত্র আনো।
জমির দলিল খারিজ খাজনা পরচা দাখিল করো
মালিকানা নিয়ে মামলা হয়েছে,উকিল মুহুরি ধরো।
খোঁজ করে যেটা জানা গেল সেটা চিন্তার কথা বটে
বোঝা গেল বহু ভোগান্তি রয়েছে বুড়ো লোকটার ঘটে।
ঢাকার অদূরে কেরানীগঞ্জে ওই দেড় বিঘা মাটি
দাবি করে নাকি বসে আছে কোন্ ফ্ল্যাট ব্যবসায়ী পার্টি।
বুঝুন এবার ঠেলা,
শুরু হয়ে গেল বাবার সঙ্গে ইঁদুর-বেড়াল খেলা।
রিটায়ার করা বুড়ো লোকটাকে দৌড়ের ওপর রেখে
কামাও পয়সা যত পারা যায় রেখে তাকে উদ্বেগে।
উকিল মুহুরি কানুনগো আর কেরানীরা চায় টাকা
ভেঙে খাবে বলে পেয়ে গেছে তারা কাঁঠাল একটা পাকা।
রেকর্ড অফিসে সারাদিন কাটে,মুড়ি খেয়ে কাটে দিন
ভূমি অফিসের করিডোরে বাবা হাঁটেন ক্লান্তিহীন।
কেউ বলে,চাচা আজ তো হবেনা,কাল বেলা দশটায়
কেউ বলে,চাচা পাঁচশোটা টাকা বড় কম হয়ে যায়।
বালাম বইয়ের পাতা,
উইপোকা খেয়ে সাবাড় করেছে,রেকর্ডের দশা যা’ তা’।
অফিস ওদের, রেকর্ড ওদের, দোষটা কিন্তু বাবার
দরকার কি পড়েছে বাবার অফিসে অফিসে যাবার?
এই বয়সের মানুষের এত পড়েছে কিসের দায়
তার দরকার সাড়ে তিন হাত,এর বেশি কেন চায়?
খাঁটি কথা সেটা সবাই বুঝেছে,সবাই বলেছে,চাচা,
দরকার কি বৃদ্ধ বয়সে এভাবে বাঁদর নাচা?
ঠিক,ঠিক,ঠিক, সবাই সঠিক, কারো কথা ভুল নয়
মিছেমিছি বাবা করছেন তার সময়ের অপচয়।
একদিন অবশেষে,
উকিল সাহেব ভয়ানক কথা শুনালেন বাড়ি এসে।
‘ও জমির আশা ছেড়ে দিয়ে কিছু আপোষ শালিস হোক
আপনার যারা প্রতিবাদী তারা রুলিং পার্টির লোক।
মন্ত্রী পুলিশ আইন আদালত সবই তো ওদের হাতে
কি করে আপনি লড়বেন একা বলুন ওদের সাথে?
তারচে’ বরং কিছু টাকা নিয়ে ছেড়ে দিন দাবি দাওয়া
চেষ্টা করছি দেখা যাক কত বেশি টাকা যায় পাওয়া।’
বোঝা গেল ওরা ভদ্রতা করে কিছু টাকা দিতে চায়
নইলে তো ওরা লাশ ফেলে দিয়ে মাগনাই জমি পায়।
উকিলের কথা শুনে,
বেঁচে রইলেন বাবা আমাদের বারো দিন গুনে গুনে।
‘নিদ্রার চেয়ে প্রার্থনা ভালো’ শুনেছেন রোজ ভোরে
সেদিন সে কথা বেমালুম ভুলে অসীম ঘুমের ঘোরে
হারিয়ে গেলেন কোথায় কে জানে,হয়ত বা সেই দেশে
যেখানে মামুলি মাটি নিয়ে কেউ ঝামেলা করেনা এসে।
যেখানে দলিল খারিজ খাজনা কিছুই কেউ না চায়
যেখানে রুলিং পার্টির লোকেরা তারই মতো অসহায়।
************************************************
রি-পোস্ট।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




