
১. যুক্তরাষ্ট্রে কি ভাবে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন?
ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি স্ব স্ব জাতীয় সম্মেলনে নির্বাচনের মাধ্যমে নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে।
২. দলীয় জাতীয় সম্মেলনে কারা ভোটার?
(ক) প্রাথমিক ভাবে বিভিন্ন স্টেট থেকে ককাস (caucus) এবং প্রাথমিক নির্বাচনের (যাকে বলা হয় presidential primary elections বা primary elections বা শুধু primary) মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হয়ে আসেন তারা দলীয় জাতীয় সম্মেলনে ভোটার হিসাবে ভোট দেন।
(খ) ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি এই দুইটি পার্টির জাতীয় সম্মেলনে ভোট দেয়ার নিয়ম ভিন্ন ভিন্ন।
প্রথমেই বলে নেই এই প্রক্রিয়া বেশ জটিল এবং একেক স্টেটে একেক নিয়ম। কোন একটা দলের কোন একটা স্টেটে কি নিয়ম হবে সেটা ঠিক করে সেই স্টেটের সেই দল। যেমন: মেরিল্যান্ডে কি নিয়মে ডেমোক্র্যাটিক পার্টি তাদের প্রতিনিধি বা ডেলিগেট নির্বাচন করবে সেই নিয়ম ঠিক করবে ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাটিক পার্টি (ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কমিটি না)। অনুরূপ ভাবে ম্যারিল্যান্ডের রিপাবলিকান পার্টি ঠিক করবে তাদের নিয়ম।
৩. প্রতিনিধি বা ডেলিগেট নির্বাচনে মৌলিক ভাবে ২টা প্রক্রিয়া অনুসরণ করা হয়:
(এক) ককাস (caucus): এটা একটা দলীয় সম্মেলন। দল নির্বাচন পরিচালন করে। দলীয় সদস্যরা এখানে ভোট দেয়। অধিকাংশ স্টেটে প্রাইমারি হলেও মাত্র কয়েকটা স্টেটে ককাস হয়। স্টেটগুলি হল--আইওয়া, নেভাদা, নর্থ ডাকোটা, উয়োমিং এবং কেনটাকি (কেনটাকি স্টেটে শুধু মাত্র রিপাবলিকান পার্ট ককাস করে)। তাছাড়া আমেরিকান সামোয়া, দা ইউ এস ভার্জিন আইল্যান্ডস, এবং গুয়াম এই তিনটা ইউ এস টেরিটোরিতেও ককাস হয়।
(দুই) প্রাথমিক নির্বাচন (যাকে বলা হয় presidential primary elections বা primary elections বা শুধু primary)
প্রাইমারি নির্বাচন আবার কয়েক ধরণের।
(ক) ভোটারের ভিত্তিতে প্রাইমারি দুই প্রকার:
i. সীমাবদ্ধ (closed): এই ধরণের প্রাইমারিতে শুধু মাত্র দলীয় ভাবে রেজিস্ট্রিকৃত ভোটারগণই ভোট দিতে পারে।
ii. মুক্ত (open): যেকোনো পার্টির রেজিস্ট্রিকৃত ভোটার ভোট দিতে পারবে। তবে একজন ভোটার যেকোনো এক পার্টির প্রাইমারিতে ভোট দিতে পারবে।
(খ) ভোটের ফলাফলের ভিত্তিতে প্রাইমারি আবার দুই প্রকার:
i. সরাসরি বা direct: ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চায় এমন ব্যক্তিকে সরাসরি ভোট দিবে। যে বেশি ভোট পাবে ঐ স্টেটের সব প্রতিনিধি ঐ ব্যক্তির পক্ষে জাতীয় কনভেনশনে ভোট দিবে।
ii. পরোক্ষ বা indirect: ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চায় এমন ব্যক্তিকে সরাসরি ভোট না দিয়ে প্রতিনিধি বা ডেলিগেট নির্বাচন করবে। নির্বাচিত ডেলিগেটরা জাতীয় সম্মেলনে বা কনভেনশনে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চায় এমন একজন ব্যক্তিকে ভোট দিবে।
৪. কোন দলের কতজন প্রতিনিধি?
i. এই বছর ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি সংখ্যা ৪৭৫০ জন। তারমধ্যে ৩৯৭৯ জন প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি আর ৭৭১ জন অটোমেটিক প্রতিনিধি। এই অটোমেটিক ডেলিগেটদেরকে সুপার ডেলিগেটেও বলা হয়।
ব্যাখ্যা ১. ডেলিগেট সংখ্যা বছর বছর উঠা নাম করে। কোন স্টেটে কত ডেলিগেট হবে তা নির্ভর করে এক জটিল পাটিগণিতের মাধ্যমে। এই অংকের ফর্মুলাটা এখানে ব্যাখ্যা করলে মাথা খারাপ হয়ে যাবে।
ব্যাখ্যা ২. প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি বা pledged delegates: এই ধরণের প্রতিনিধিরা নির্বাচনের আগেই ঘোষণা করে সে ডেলিগেট নির্বাচিত হলে কোন প্রার্থীকে ভোট দিবে। অর্থাৎ সে কাকে ভোট দিবে প্রতিশ্রুতি বদ্ধ। তাই সে পার্টির জাতীয় কনভেনশনে তার প্রতিশ্রুত প্রার্থীকেই ভোট দিবে।
ব্যাখ্যা ৩. অটোমেটিক ডেলিগেটদেরকে সুপার ডেলিগেটে: এই ধরণের ডেলিগেটরা নির্বাচন ছাড়াই পদাধিকার বলে ডেলিগেট। যেমন-প্রাক্তন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, কংগ্রেস পার্সন, পার্টির লিডার ইত্যাদি।
ii. এই বছর রিপাবলিকান পার্টির প্রতিনিধি সংখ্যা ২৫৫১ জন। তারমধ্যে ২৪৪১ জন প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি আর ১১০ জন প্রতিশ্রুতি ছাড়া প্রতিনিধি।
দুই দলের যেহেতু দুই ধরণের নিয়ম তাই আলাদা আলাদা আলোচনা করা হল।
৫. রিপাবলিকান পার্টির ২০২০ সালের ডেলিগেটদের নিয়ম:
৫.১. রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন হবে এই বছরের ২৪-২৭ আগস্ট নর্থ ক্যারোলিনা স্টেটের সারল্যাট শহরে।
৫.২. মোট ডেলিগেট সংখ্যা ২,৫৫১ জন। তার মধ্যে ২,৪৪১ জন প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি বা pledged delegate। আর ১১০ জন unpledged delegate বা প্রতিশ্রুতি ছাড়া প্রতিনিধি।
৫.৩. যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাবেন। তবে তাকে কমপক্ষে ১,২৭৬ জন ডেলিগেটের ভোট পেতে হবে।
৫.৪. নির্বাচিত ডেলিগেটদের কমপক্ষে দুই-তৃতীয়াংশকে ন্যাশনাল কনভেনশনে ভোট প্রদান করতে হবে।
৫.৫. ডেলিগেট মনোনয়ন এবং তাদের ভোট দেয়ার ধরণ আবার ৩ ধরণের:
i. আনুপাতিক হরে (Proportional): আনুপাতিক হারের আবার দুইটা ধরণ আছে। উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করি।
(ক) ধরা যাক ৩ জন প্রেসিডেন্ট পদে মনোনয়ন চায় -- "ক" "খ" এবং "গ"। ঐ স্টেটে ডেলিগেট সংখ্যা ১০টি। ডেলিগেট নির্বাচনের আগেই ডেলিগেট প্রার্থীরা নির্বাচিত হলে জাতীয় কনভেনশনে সে কোন প্রার্থীর পক্ষে ভোট দিবে বলে দিয়েছে। ফলাফলে দেখা গেল, যারা "ক" কে ভোট দিবে বলেছে তারা ৫জন পাস করেছে, যারা "খ" কে ভোট দিবে বলেছে তারা ৩ জন পাস করেছে, এবং যারা "গ" কে ভোট দিবে বলেছে তারা ২ জন পাস করেছে। যেহেতু তারা প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি বা pledged delegate তাই ঐ ৫ জন "ক"কে, ৩ জন "খ" কে এবং ২ জন "গ"কে ভোট দিবে
(খ) ধরা যাক ৩ জন প্রেসিডেন্ট পদে মনোনয়ন চায় -- "ক" "খ" এবং "গ"। ঐ স্টেটে ডেলিগেট সংখ্যা ১০টি। এই স্টেটের নিয়ম হচ্ছে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট পদে মনোনয়ন চায় -- "ক" "খ" অথবা "গ" কে ভোট দিবে। ফলাফলে দেখা গেল "ক" প্রদত্ত ভোটার ৬০%, "খ" ২০% এবং "গ" ২০% পেয়েছে। তাহলে ১০ জন ডেলিগেটের ৬০% অর্থাৎ ৬ জন "ক" কে এবং ২০% অর্থাৎ ২ জন করে "খ" এবং "গ" কে জাতীয় কনভেনশনে ভোট দিবে।
ii. বিজয়ী সব পাবে (Winner-take-all): ধরা যাক ৩ জন প্রেসিডেন্ট পদে মনোনয়ন চায় -- "ক" "খ" এবং "গ"। ঐ স্টেটে ডেলিগেট সংখ্যা ১০টি এবং ভোটার সংখ্যা ১০০ জন। ফলাফলে দেখা গেল "ক" ৪০টা, "খ" ৩৫টা এবং "গ" ২৫টা ভোট পেয়েছে। "ক" সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাই এই স্টেটের ১০ জন ডেলিগেটই জাতীয় কনভেনশনে "ক"কে ভোট দিবে অর্থাৎ "খ" এবং "গ" এই স্টেট থেকে জাতীয় কনভেনশনে কোন ভোট পাবে না। সব ভোট পাবে "ক" .
iii মিশাল (Hybrid): এই পদ্ধতিতে Winner-take-all এ কিছু প্রতিনিধি আবার আনুপাতিক হরে (Proportional) কিছু।
৫.৬. প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি বা pledged delegate ৪ ধরণের:
i. জেলা প্রতিনিধি (Pledged district delegates): প্রতিটি নির্বাচনী জেলা (congressional district) থেকে ৩ জন প্রতিনিধি।
ii. বৃহত্তর জেলা প্রতিনিধি (Pledged at-large delegates): প্রতিটা স্টেট থেকে ১০ জন প্রতিনিধি।
iii. দলীয় নেতা প্রতিনিধি (Pledged party leaders): প্রতিটি স্টেট থেকে ৩ জন নেতা। এই ৩জন হলেন -- ঐ স্টেটকে জাতীয় ভাবে প্রতিনিধিত্ব করেন যে একজন পুরুষ নেতা এবং এক জন মহিলা নেতা এবং ঐ স্টেটের পার্টির প্রধান।
iv. বোনাস প্রতিনিধি (Pledged bonus delegates): বোনাস প্রতিনিধি আসবে নিম্নলিখিত স্টেটগুলি থেকে:
ক. বিগত প্রেসিডেন্ট নির্বাচনে যে স্টেটের ইলেক্টোরাল ভোট রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে গিয়েছিল;
খ. যে স্টেটের গভর্নর রিপাবলিকান পার্টির;
গ. যে স্টেট থেকে যুক্তরাষ্ট্র হাউস অফ রিপ্রেসেন্টেটিভে কমপক্ষে অর্ধেক আসন আছে। যেমন ধরা যাক, একটা স্টেটে হাউস অফ রিপ্রেসেন্টেটিভে ১০ তা আসন আছে। সেই স্টেটে রিপাবলিকানরা ১০টার মধ্যে ৫টাতে জয়ী হয়েছে;
ঘ. যে স্টেটের আইন সভায় রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আছে;
ঙ. যে স্টেটের আইন সভার উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ;
চ. যে স্টেট থেকে যুক্তরাষ্ট্র সিনেটে সিনেটর আছে।
৫.৭. প্রতিশ্রুতি ছাড়া প্রতিনিধি (Unpledged delegates): অনেকগুলি স্টেট আছে যেখানকার প্রতিনিধিরা জাতীয় কনভেনশনে কোন প্রার্থীকে ভোট দিয়ে আগে থেকে প্রতিশ্রুতি বদ্ধ নয়। যেমন--
ক. পেনসিলভানিয়ার ৫৪ জন জেলা প্রতিনিধি;
খ. নর্থ ডাকোটার ২৯ জন ডেলিগেট;
গ. কলোরাডোর ৩ দলীয় নেতা প্রতিনিধি;
ঘ. উয়োমিং ৩ দলীয় নেতা প্রতিনিধি;
ঙ. আমেরিকান সামোয়া এবং গুয়ামের ৯ জন করে মোট ১৮ জন; এবং
চ. ভার্জিন আইল্যান্ডের ৩ দলীয় নেতা প্রতিনিধি।

৬. ডেমোক্রেটিক পার্টির ২০২০ সালের ডেলিগেটদের নিয়ম:
৬.১. ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন হবে এই বছরের ১৩-১৬ জুলাই উইসকনসিন স্টেটের মিলুআউকি শহরে।
৬.২. মোট ডেলিগেট সংখ্যা ৪,৭৫০ জন। তার মধ্যে ৩,৯৭৯ জন প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি বা pledged delegate। আর ৭৭১ জন অটোমেটিক প্রতিনিধি। এই অটোমেটিক ডেলিগেটদেরকে সুপার ডেলিগেটেও বলা হয়।
৬.৩. প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ ভোট যিনি পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাবেন। তবে তাকে কমপক্ষে ১,৯৯১ জন প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধির ভোট পেতে হবে।
৬.৪. যদি কোন প্রার্থী কম পক্ষে ১,৯৯১টি ভোট না পায় সেই ক্ষেত্রে দ্বিতীয় বার ভোট হবে।
৬.৫. দ্বিতীয় বার ভোট হলে অটোমেটিক প্রতিনিধিরা ভোট দিতে পারবে।
৬.৬. দ্বিতীয় বার ভোট হলে প্রার্থীকে কম পক্ষে ২,৩৭৬টা ভোট পেতে হবে।
৬.৭. কোন কোন স্টেটে ভোটাররা প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে চায় এমন ব্যক্তিকে সরাসরি ভোট দিবে। যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হবেন তার পক্ষে জাতীয় কনভেনশনে ভোট দেয়ার জন্য ঐ স্টেটের পার্টি প্রতিনিধি ঠিক করে দিবেন। এই পদ্ধতিটা রিপাবলিকান পার্টির বিজয়ী সব পাবে (Winner-take-all) ধরণের।
৬.৮. কোন কোন স্টেটে পরোক্ষ বা indirect ভোট হবে। ভোটাররা প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে চায় এমন ব্যক্তিকে সরাসরি ভোট না দিয়ে কোন প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে চায় এমন ব্যক্তিকে সমর্থন করে এমন কোন ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে।
৬.৯. কোন প্রার্থী যদি প্রাইমারি নির্বাচনে বা ককাসে কমপক্ষে ১৫% ভোট না পায়, তাহলে সে আনুপাতিক ভোটের ভাগ পাবে না।
৬.১০. বিকল্প ডেলিগেট: প্রতিটা স্টেট থেকে বিকল্প ডেলিগেট জাতীয় কনভেনশনে অংশ নিবে। কিন্তু তারা সাধারণ ভাবে ভোট দিতে পারবে না। যদি কোন কারণে কোন নির্বাচিত প্রতিনিধি কনভেনশনে অংশ নিতে না পারে সেই ক্ষেত্রে বিকল্প প্রতিনিধি ভোট দিবে।
৬.১১. প্রতিশ্রুতি বদ্ধ প্রতিনিধি বা pledged delegate ৩ ধরণের:
i. জেলা প্রতিনিধি (Pledged district delegates): প্রতিটি নির্বাচনী জেলা (congressional district) থেকে প্রতিনিধি।
ii. বৃহত্তর জেলা প্রতিনিধি (Pledged at-large delegates): প্রতিটা স্টেট থেকে প্রতিনিধি।
iii. বাড়তি প্রতিনিধি (Pledged "add on" delegates): প্রতি স্টেটের দলীয় নেতা এবং নির্বাচিত কর্মকর্তা। একটা ফর্মুলার মাধ্যমে এই সংখ্যাটা ঠিক করা হবে। ফর্মুলাটা হচ্ছে জেলা প্রতিনিধি এবং বৃহত্তর জেলা প্রতিনিধির সমষ্টিকে ০.১৫ দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



