লাল কাপড়।
সবুজ কাপড়।
আরেকটা বুঝি হালকা নীল? হুম্। খয়েরীও কি আছে? নাহ্। ওটা মলিন হওয়া লালচে কিছু। ফ্যাকাসে সাদাটার পাশেই। তবে ছেঁড়া। সব ছেঁড়া। মলিন। জীর্ণ। পূতিগন্ধময়।
কিন্তু...
কিন্তু কি?
কিন্তু কি আশ্চর্য! একসাথে দলা পাকালেই কি অদ্ভুত রঙের খেলা! স্বাতন্ত্রবোধ ছাপিয়ে কটুগন্ধগুলো স্বচরিত্রে অনভ্যস্ত। অবিদিত। অপরিচিত।
দলা পাকানো।
গিঁট লাগানো।
হ্যাঁ। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ঐ লাল-সবুজ-নীল-খয়েরী কাপড়গুলো দলা পাকানোই বটে। গিঁট লাগানো। দড়ি! দড়ি! দড়িই তো! পাকানো দড়ি! বাহারি দড়ি! আর দড়িটা ঝুলছে।
দড়িটা ঝুলছে।
দড়িটা দুলছে।
আড়াইশ কেভি’র ত্রিভুজাকৃতির এক লৌহ-স্তম্ভ। আর দড়িটা লটকে আছে। ঝুলছে। দোল খাচ্ছে। বাতাসে? হাহ্! তুমি কি অন্ধ?
হুম্! তুমি কি অন্ধবৎ?
তুমি কি দৃষ্টিশক্তিহীন?
নাকি তুমি দেখেও না দেখার ভান কর্ছো? তুমি কি দেখো নাই পাশের ঐ পোশাকশিল্পের ভারবহনকারী এক নিরেট জান্তব কংক্রীট-দালানের পশ্চাদদেশ দিয়ে বের হয়ে আসা লাল-সবুজ-নীল-খয়েরী কাপড়গুলো দলা পাকিয়েছে পঞ্চবর্ষী এক বালিকার হাতে? তন্তুর মতন নমনীয় সেই আঙুলগুলো কী সযত্নেই না গিঁট মেরেছে টুটা-ফুটা কাপড়ে আর লটকে দিয়েছে সভ্যতার আরেক ভার-বহনকারী তড়িৎ-বিতরণ-ব্যবস্থার গলায়! তুমি তাই গাইতেই পারো প্রকৌশল-শিল্পের এক মহা-গুণগান যার স্থায়ী-অন্তরা জুড়ে থাকবে এইরকম এক্সট্রা-কারিকুলার এ্যাক্টিভিটির বন্দনা। তুমি হয়তো বড় বড় পিয়ার-রিভ্যিউড জার্নালে লিখবে কিভাবে দেশের এই ক্রমবর্ধমান ও অগ্রসরমান এক শিল্প পঞ্চবর্ষী এক বালিকার হাতে তুলে দিচ্ছে এক বাহারি দোলনা। আড়াইশ কেভি’র ঐ খাম্বায় যেটা কিনা দোল খায়!
তাই বাহারি এক দোলনায় দোল খেতে থাকা পঞ্চবর্ষী এক বালিকার নির্ভেজাল আনন্দে বাদ সেধো না তুমি। তুমি তাকে দোল খেতে দাও। আর এই ফাঁকে, তোমার যেহেতু কালক্ষেপণ করতেই হবে, তুমি হালকা চোখ বুলিয়ে নিতে পারো তোমার সম্মুখের বিক্ষিপ্ত ঘটনাবলীর ওপর।
আচ্ছা তুমি কি কখনও হাইকিং করেছো? ক্যাম্পিং? পাহাড়ের সরু সরু দুর্গম পথ ধরে এগিয়ে গিয়েছো? কুড়িয়ে খেয়েছো কি তোমার প্রকৃতিবিদ্যার কাছে নিরাপদ মনে হওয়া ফল-পাকুড়? কাঠফাঁটা রৌদ্রে নাম না জানা কোন এক মহীরুহের তলে কি খুঁজেছো আশ্রয়? অথবা কনকনে ঠাণ্ডায় ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসেছো ফায়ারপ্লেসের আগুনের নিকট? হাত দুটোতে জমা বিন্দু-বিন্দু শীতল ঘামগুলোকে নিশ্চয়ই ডি-হিউমিডিফাই করেছো মৃদু ঘর্ষনে। আর তারপর কি গুটি-সুটি মেরে ঢুকেছো তোমার ঐ মহা-সম্বল তাঁবুর ভেতর? তাহলে নিশ্চয়ই জেনে থাকবে ছোট্ট তাবুতে নিদ্রাযাপন কতই না রোমাঞ্চকর! কতই না শান্তিদায়ক! কতই না শ্রান্তি-রহিত! তো এখন তোমার সামনেই তুমি দেখবে একদল এ্যাডভেঞ্চারারদের, যারা দিনভর হাইকিং করে এক কংক্রীটের জঙ্গলে, উত্তাপ পোহায় মধ্যাহ্নের তপ্ত পিচ-ঢালা রাজপথে, নির্ভর করে ওদের এম্পিরিক্যাল-জ্ঞানের কাছে নিরাপদ জঞ্জাল-খাদ্যের জন্য আর নিদ্রাযাপন করে নীল-নীল পলিথিনের তাঁবুর তলে। তবে তাদের তলদেশে অবশ্যই থাকে মোটা-মোটা চটের বস্তা। তুমি কি আন্দাজ করতে পারো, ওটা কতটা আরামপ্রদ হতে পারে? কতটা কাম্ফি? আর এটাও তুমি জেনে থাকবে হয়তো যে একসাথে বেশ কয়েকজন জড়াজড়ি করে থাকলে ঠাণ্ডার বাপেরও সাধ্য নাই যে ধারেকাছে ঘেঁষে! আহ্! কি পরম উষ্ণতায় রাত্রিযাপন! তুমি কি কিঞ্চিত ঈর্ষান্বিত!
হাইকিং করতে উদ্গ্রীব মানুষগুলো এখন জেগে উঠছে। এতটাই একনিষ্ঠ ওদের একজন যে নিজের ব্যাক্প্যাক্ সামলাতে ছোট্ট এক শিশুকে কি নির্দ্বিধায়ই না ঝেড়ে ফেল্লো নিজের প্রাণপ্রিয় চটের বস্তা থেকে! সার্ভাইভ কর্! সার্ভাইভ্ কর্! বাহ্! ধূলো-কাদার মধ্যে খানিকক্ষণ লুটোপুটি খাওয়া সেই প্রকৃতি-শিশু বেশ সহজভাবেই তো মেনে নিলো! আরে এত ধৈর্য! এত সহিষ্ণুতা! ট্রেইন্ড্ ম্যান্! তোমার কি এখন জানতে ইচ্ছে হচ্ছে সেই ট্রেনিং-ইন্সটিটিউটের ঠিকানা? এত এত প্রফেশনালিজম যেখানে শেখায়! ভাঙ্গা প্লাস্টিকের বোতল আর কয়লা-মাজনের সহায়তায় কিঞ্চিত কুলকুচি, আর তারা প্রস্তুত! তুমি শুধু দেখ্ছো। আর অবাক হচ্ছো। অবাক হচ্ছো ওদের দক্ষতায়। ব্রেকফাষ্ট্? উঁহু! পদব্রজে যাওয়ার জন্য এতটুকু সময় নষ্ট নয়। তাছাড়া, জঞ্জাল-ডিপোয় আকাঙ্ক্ষিত খাদ্য পুঞ্জীভূত হতে তো সময় লাগে বেশ! তৈরী ওদের পা, লাঠি-সোঁটা, স্ক্যান-সিমেন্টের খালি-বস্তা, এবড়ো-থেব্ড়ো এলুমিনিয়ামের সান্কি আর সদা-প্রসারমান শূন্য-হস্ত।
কিছুক্ষণ পর......
তোমার এ্যাডভেঞ্চার পিয়াসী চক্ষুর নিকট এক আকর্ষণীয় দেহবল্লরীর অধিকারিণী কমবয়সী এক নারীর আবির্ভাব এবং নিরেট জান্তব কংক্রীট-দালানের পশ্চাদদেশ দিয়ে বের হয়ে আসা এক বাহারি দোলনায় দোলনরত পঞ্চবর্ষী এক বালিকার অস্ফুট উচ্চারণ, “মা রে! আয়েট্টু.....আয়েট্টু!”
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



