নেবে ঝালমুড়ি...ঝাল
টাটকা ধনেপাতা পিয়াজ ।
কই কে নেবে ঝালমুড়ি...ঝাল ?
নিজের ক্ষেতের চাউলে
মায়ের হাতে কাঠের উনুনে ভাজা
মচমচে মুড়ি
লঙ্কার গুঁড়োতে মাখা চানাচুরের পাবে না কোথাও জুড়ি ।
নেবে ঝালমুড়ি...ঝাল
টাটকা ধনেপাতা পিয়াজ ।
কই কে নেবে ঝালমুড়ি...ঝাল ?
সংসারে অনেক অভাব
হরতালের আগুনে পুড়ে বাবা হয়েছে কাবাব
বাবার বেডের পাশে মায়ের করুণ আর্তনাদ
পাঁচ বোন বস্তিতে বসে করে ফরিয়াদ ।
বড়ই করুণ! অবস্থা বেহাল
নেবে ঝালমুড়ি...ঝাল ?
খালি হাতে বাড়ি ফেরা
বোনেরা করিবে জেরা
সারাদিন ছুটেছি রাজনীতির পিছে
আধ পেট খেয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি নয় মিছে
তোমরা মানুষ ? হায় ! মানবসৃষ্ট আকাল
নেবে ঝালমুড়ি...ঝাল ?
মায়ে করিত কাম কাজের বুয়া
গেছে কাম।তবু তোমরা তো তুলসী পাতায় ধোঁয়া
থাকি বস্তির বাড়ি
পাশে দেখি অট্টালিকা সারি সারি
আমার বয়সী ছেলে মায়ের কাছেতে বসে
যায় দেখি গাড়ি চড়ি ।
জন্মের সাথে এসেছে — মোর পোড়া কপাল
নেবে ঝালমুড়ি...ঝাল ?
হায় ! মহাকাল--
মানুষের গড়া সভ্যতার নিরিখে আজ
মানুষেরা বুঝি মহাজঞ্জাল ।
নেবে ঝালমুড়ি......ঝাল ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



