একদিন ফিরে এলে; কী দেবে ফিরিয়ে আমার!
চায়ের কাপে চড়ে কলেজের প্রথমপিরিডের মতো
ভোর হয়ে ফিরে এলে; তুমি কী সেই উচ্ছাসে
কেড়ে নেবে রাতের কবিতা, নির্ঘুমচোখের কাজলে
আমার হৃদকলে উদ্বিগ্নতার মাপকাঠি ডুবিয়ে, তুমি কী
শান্ত হয়ে বসবে পাশে; দু'দন্ড। তোমার চুলের ঢেউয়ে
শেফালীমালার ঘ্রাণে নেমে এলে শ্রান্তশিশির; আমরা কী আবার
সেই বিচলিত পথের মায়ায় বিভোর ট্রেনের শব্দ খুঁজে নিবো;
স্বপ্নের সাদা কবুতর; তাদের ডানায় আজ ক্লান্তির ছাপ।
তুমি কী ব্যস্ত অনেক! অফিসের মিটিংঘরে সাদাপর্দ্দায় গাঁথা
পাওয়ার-পয়েন্টের রংভরা গ্রাফের মতো তুমি কী যাচাইচোখে
তাকিয়ে দেখবে আবার আমাকে। আমাদের ভাগের অঙ্ক;
শূন্য ফলাফল; আকাশের মেঘপাখি হয়ে
কতদূর উড়ে গেছে একা;
কোথাও বৃষ্টিজলে মুছে গেছে অবাক প্রশ্নবোধ।
রাতের জোছনাদূপুর; কালঘড়ি রাতের গননা করে;
তুমি কী আজও বৃষ্টি ভালোবাসো?
চোখের কাজল, তাঁতের শাড়ী, কপালের লালটিপ,
গ্রীষ্মদুপুরের ঘনসবুজ ঘাস অথবা সেই নেই-বিষয়ের গল্প-কথন।
হারানোকালের ভিতর আজ শূন্যতার মাছি ওড়ে; একা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




