তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি;
কিছু না-বলা-কথা নিশ্চিতেই থেকে যায়
না-বলার ভিতর; সংগোপনে।
আমরা হয়ত অনেক কিছুই ভেবে নিই
স্বপ্ন আঁকি। ভাবন্তর করে রাখি সারাক্ষণ;
ইচ্ছেরা ছুটে আসে, দ্বিগুণ ইচ্ছের ভিতর।
যেভাবে ঘরে ফেরে, ঘরের মানুষ
স্বপ্নজ হাওয়ারা ওড়ে নতুন আকাশে;
তোমারও দু'চোখে ভরে ওঠে প্রশ্নমুকুল।
একদিন গোপন দরজা খুলে
গোপনতাগুলোকে ছুটি দিও,
উদাস আকাশে; নীলকপোতের ডানায়
ভাসুক; ইচ্ছে-ফড়িং।
তবুও; তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি;
কোনো কোনো গোপন দুঃখরা মরে যায় আর্ত্মনাদের আগেই।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


