এমন করে যায় না চলে যাওয়া
মনের ভিতর অবাধ আনাগোনা
থমকে থাকে অতীতদিনের হাওয়া।
মধ্যদুপুর মাথার উপর রোদ
ছলচতুরীর মন্ত্রেবাঁধা বোধ
উড়তে চেয়ে বাঁধছে মাথায় ছাদ।
তোমার আমার অনেক হিসাব বাকী
কথার ফাঁকে কথা গেঁথে ফাঁকি
ডাকছে দূরে আরপরানের চাবি
অযুহাতের স্বপ্ন দিয়ে আঁকি।
বুকের ভিতর শ্রাবণদিনের জল
একময়ূরী নাচছে পায়ে মল
কৃষ্ণচূড়ায় লাল আগুনের ফুল।
উদাসপুরে নদীর খেয়াপারে
তোমার কাছে শেষপারানি রেখে
নিরুদ্দেশে গিয়েছিলাম আমি।
ফিরতে চেয়ে, ফিরতে দেরী দেখে
তুমিও কেমন কপাট দিলে এঁটে
বন্ধঘরে মরছি অভিশাপে;
এমন করে যায় না চলে যাওয়া।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




