প্রচণ্ড রকম মন খারাপ, ঘুমাতে পারছি না। বন্ধুরা যখন বলতো রাতে ঘুমাতে পারে না, শুধু এপাশ ওপাশ করে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়, তখন আমি গর্ব করে বলতাম"আমি তো শোয়া মাত্র ঘুমিয়ে যাই"।
কিন্তু আমার সেই গর্ব আজকের SMS ধুলোয় মিশিয়ে দিয়েছে! কিছুতেই ঘুমাতে পারছি না। আমি যে ঘুমাতে পারছি না এটা বিশ্বাস করাটা আরো বড় সমস্যা হয়ে দাড়িয়েছে।
রুমমেট যখন যে কোনও ঘটনা বা দুর্ঘটনাকে কেন্দ্র করে কবিতা বা প্রবন্ধ লিখে ডায়েরীর পাতা ভরাতো, আমি তখন ভেবেছি'ডায়েরী লেখা! ওটা আমার দ্বারা সম্ভব না'।
কিন্তু সেই আমি আজ ডায়েরীতে লিখলাম নিজের আবেগজড়িত প্রকাশের অযোগ্য কিছু কথা, জীবনের প্রথম!
যে ঘটনা বা ব্যাক্তি আমাকে জীবনে প্রথমবারের মত ডায়েরী লিখতে বাধ্য করেছে, সেই ব্যাক্তি বা ঘটনা মোটেও সামান্য নয়।
একটা নির্জন স্টেশন, পুরাতন একটা বিশাল বট গাছ, কিছু ভাঙ্গা টিনের দোকান। স্টেশনের সামনে পিছনে দু দিকেই বিশাল বিল। কয়েক মাইলের মধ্যে কোনও বাড়ি বা গ্রামের দেখা মেলে না।বর্ষায় বিলের পানিতে প্রতিনিয়ত চলে উত্তাল ঢেউয়ের দিকবিদিক ছুটে চলা। পানির ছলাত্ ছলাত্ শব্দের সাথে বটের পাতায় বাতাসের শব্দ এক অন্যরকম আবহ তৈরি করে, এর সাথে তাল রেখে মাঝে মাঝে কাকগুলো ডেকে উঠে।
এই স্টেশনটার সাথে আমি খুব বেশি পরিচিত, বিশেষ করে এর নির্জন 'হাহাকার' পরিবেশের সাথে। মায়ের সাথে যখন নানি বাড়ি বেড়াতে যেতাম, এই অবিচ্ছেদ্য স্টেশনটা ছিল আমার অপছন্দের তালিকায়। ভাবতাম অন্য কোনও পথে যদি যাওয়া যেত , এই স্টেশনটাকে এড়িয়ে অন্য কোনও পথে।কারণ এর নির্জনতাকে আমি ভয় পেতাম, অজানা একটা আতঙ্ক, একটা নি:সঙ্গতা আমার ভিতরে কাজ করতো। ঠিক কী কারণে তা জানিনা, জানার চেষ্টাও করিনি।
অথচ, আজ এই মন খারাপের দিনটাতে আমার সেই স্টেশনটার কথা বারবার মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে অসামান্য ব্যক্তিটিকে নিয়ে চাঁদের আলোয় , বটগাছের পাশে সেই নির্জন স্টেশনটাতে গিয়ে বসে পানির ছলাত্ ছলাত্ শব্দ শুনি আর তাকে বলি আমার না বলা যত কথা..........
না, এমন নির্জন নিরব পরিবেশ কথা বলার জন্য নয়, শুধু চুপচাপ বসে এর নির্জনতা উপভোগ করার জন্য।
.... সবই তো কল্পনা, তাই হয়তো সে আমার পাশে বসতে রাজি হয়েছে। বাস্তবে তো তা নাও হতে পারে!
আমিই কেনবা তাকে নিয়ে কল্পনায় এতদুরে গিয়ে নির্জনতা উপভোগ করছি যখন সেই আমার মন খারাপের কারণ। কারণ দোষটা তো আমারই। সে শুধু ভুলটা ধরিয়ে দিয়েছে। এতে মন খারাপ করাটা ঠিক মানায় না। কিন্তু মনেরই বা কি দোষ? সে হয়তো ঘটে যাওয়া ঘটনাগুলো এভাবে ঘটুক তা চায়নি।প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল খুঁজে পায়নি। কিংবা এমন কিছু যা তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



