আমাকে নিয়ে নতুন ভাবনা আসে না,
ফেসবুকে ঝরে না কথার বৃষ্টি,
হোয়াটস অ্যাপে তোমার মুখও ভাসে না-
খুনখারাবি রঙীন সৃষ্টি।
অভিমান-টভিমান বৃথা মেনে
রাগের অঙ্ক কষছি,
বেহিসাবী আবেগ লাগাম ধরে
পাটীগণিতে মজেছি।
গোয়ালার দুধে একগলা চোনা-
ছানা কেটে জল দুধরঙা,
দু এক ছটাক হিসেবী অবহেলা-
জীবনের সুর তালকানা।
ভালোলাগার জটিল গসাগু
রোজনামচার পাতায় শুন্য,
যন্ত্রণার সরল লসাগু
ভালোবাসা শুধুই পণ্য।
পরিচালকের শেষ অঙ্কে
নতুন হিসেব নতুন বীজগণিত,
মনের কঠিন সিঁড়িভাঙা ফেলে
জ্যামিতি খুঁজব,বাস্তব অশ্লীল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


