ঘড়ির কাঁটা ঢলে পড়ল সন্ধ্যার কোলে,
অফিস কাছারি ছেড়ে ঘরমুখো জনস্রোত
এ ওকে মাড়িয়ে অপরজনের বুকের উপর পা তুলে
তুম্বো মুখে ছুটল এক টানে,
ক্লান্ত তোবড়ানো গালে না আছে উত্তেজনা-
না আছে গল্পের মোহ।
ঠুলি পড়া কলুর বলদের চোখে
শুধু এক আশ্রয়ের হাহাকার।
অথচ সকালবেলা সবাই ছিল রেসের ঘোড়া,
দিব্যি গল্পগুজব করতে করতে
একটার পর একটা স্টেশন পার করছিল
দামাল টগবগে ভঙ্গিতে।
আমি এই অলীক আশ্রয়ের় প্রতিযোগিতায় নামিনি,
পরিযায়ী পাখির মতো ঘরে ফেরার তাগাদাও ছিল না একফোঁটা।
বিকেল নিভে এলে
নিয়নের হলুদ আলো জাগলে
চোখের পাতায় আঁকতে চেয়েছিলাম ঘোর লাগা স্বপ্ন,
জড়ির পাড়ের মতো ঝিকিমিকি রাজপথে পায়ে পায়ে ভেসে চলা--
অবিশ্রাম, বিরামহীন জাগরন।
হাতের মুঠোর মাঝে তুমি,
আঙুল জড়ানো অঙ্গীকার,
মায়াবী আঁচলে শিহরণ।
আর ---
সাঁঝবাতির আলো মাখামাখি তোমার চোখে -
আমার সারাজীবনের আশ্রয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

