লাল-নীল ক্যানভাসে
সূর্যটা শূন্য থেকে বিন্দু হয়ে
গড়িয়ে পড়ে বেরঙা নদীর জলে,
বাসা ফিরতি পাখিরা
কালো রঙে পালক ডুবিয়ে ক্যানভাসে ঢেলে দেয়
এক পোঁচ অন্ধকার -
প্রদীপের বাইরে থাকা
আঁধারের চাদর জড়িয়ে
কখন চুপিচুপি সন্ধ্যা এসে হাজির
এই বাংলার তুলসীতলায়,
লাল-ডুরে শাড়ির
আঁচলের আড়ালে
মুখ লুকানো শাঁখের
হঠাৎ চিৎকারের পরেই
ঘুটঘুটে-অপার্থিব এক নির্জনতা,
বুকের 'লাব-ডুব' শব্দ ধরা পড়া
সেই নিঃসীম শূন্য-নিস্তব্ধতায়-
'থাকে শুধু অন্ধকার'
নিজের- মুখোমুখি বসবার
নিরালা একখণ্ড অবসর।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



